বিজ্ঞাপন
তারাবি শেষে বাড়ি ফিরছিলেন বিএনপি নেতা, পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫২ এএম
বিজ্ঞাপন
রাজশাহীর চারঘাটে একটি মাহফিলের প্রধান অতিথি করা নিয়ে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের জেরে দলের এক নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে জেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই নেতার নাম এরশাদ আলী (৬৫)। তার বাড়ি সিপাইপাড়া এলাকায়।
তিনি ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সদস্য। এরশাদ স্থানীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের অনুসারী হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজের পর স্থানীয় লোকজন মাহফিল আয়োজন নিয়ে মসজিদে আলোচনায় বসেন। এ সময় এক পক্ষ জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করতে চায়, আর এরশাদসহ অন্যরা চায় স্থানীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে প্রধান অতিথি করতে।
এসময় দুই পক্ষের মধ্যে তর্কাতর্কিতে আলোচনা ভেস্তে যায়। এর আড়াই মাস আগেও একই বিষয়ে বিতর্ক হয়ে মাহফিল আয়োজন স্থগিত হয়। ওই ঘটনায় মারামারিতে চারজন আহত হন। এ নিয়ে একটি মামলাও হয়েছে।
নিহত এরশাদ আলীর পরিবারের সদস্যরা জানান, রাত ৯টার দিকে এরশাদ আলী তারাবির নামাজ শেষে বাড়িতে ফিরছিলেন। এসময় আনোয়ার হোসেন উজ্জ্বলের কয়েকজন অনুসারী তার পথ রোধ করেন। একপর্যায়ে গাছের ডাল ও লাঠি দিয়ে তাকে মারধর করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে তার মরদেহ বাড়ি নিয়ে যাওয়া হয়।
চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহের ময়নাতদন্ত হবে।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এর সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
বিজ্ঞাপন