Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

এক টেবিলে ছাত্রদল-ছাত্রশিবির-ছাত্রশক্তি-ছাত্র ইউনিয়ন

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০১:৫৯ পিএম

এক টেবিলে ছাত্রদল-ছাত্রশিবির-ছাত্রশক্তি-ছাত্র ইউনিয়ন

বিজ্ঞাপন

ভিন্ন রাজনৈতিক মতাদর্শের চার ছাত্রসংগঠনের নেতারা একই টেবিলে বসে ইফতার করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেস ক্লাবের আয়োজিত ইফতার মাহফিলে এ দৃশ্য দেখা গেছে। ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রশক্তি ও ছাত্র ইউনিয়নের নেতাদের একসঙ্গে ইফতার করতে দেখা যাওয়ায় ক্যাম্পাসে সম্প্রীতির একটি ইতিবাচক বার্তা ছড়িয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ ইফতার মাহফিলের আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সবচেয়ে বেশি আলোচনায় আসে ভিন্ন রাজনৈতিক ধারার চার সংগঠনের নেতাদের একই টেবিলে বসার বিষয়টি। সেখানে ছিলেন জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক। আরও ছিলেন জাবি ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান, জাবি ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি জাহিদুল ইসলাম ইমন ও অপর অংশের সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক এবং ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। ভিন্নমতের নেতাদের একসঙ্গে বসে ইফতার করার এ দৃশ্য অনেকের কাছে ব্যতিক্রমী বলে মনে হয়েছে।

ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, ২০২৪ সালের পর ক্যাম্পাসে ছাত্রদল সক্রিয় হওয়ার পর থেকে আমরা ভিন্নধর্মী রাজনীতির চর্চা করতে চাই। আগে অনেক সময় দেখা গেছে, ক্ষমতাসীনদের বাইরে থাকা শিক্ষার্থীরা নানা চাপের মুখে পড়তেন। আমরা সেই পরিস্থিতি বদলে সহাবস্থান ও সম্প্রীতির পরিবেশ তৈরি করতে চাই। তিনি সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা কামনা করেন।

জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, এমন আয়োজনের জন্য প্রেস ক্লাবকে ধন্যবাদ। রমজান মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার শিক্ষা দেয়। এ মাসে সবাই একসঙ্গে বসে ইফতার করলে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়। ভবিষ্যতেও সম্প্রীতিপূর্ণ পরিবেশ বজায় রাখার আশা প্রকাশ করেন তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি এসএম তাওহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওসমান সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব, প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম এবং প্রেস ক্লাবের উপদেষ্টা অধ্যাপক সোহেল রানা।

এ সময় প্রেস ক্লাবের উপদেষ্টা অধ্যাপক সোহেল রানা বলেন, প্রেস ক্লাব বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চার পাশাপাশি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এমন আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ক্যাম্পাসের বিভিন্ন কার্যক্রম ও শিক্ষার্থীদের বিষয়গুলো সমাজের সামনে তুলে ধরেন। আমি আশা করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে।

সমাপনী বক্তব্যে জাবি প্রেস ক্লাবের সভাপতি এসএম তাওহিদ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব সবসময়ই বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কার্যক্রম, শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরতে কাজ করে যাচ্ছে। পবিত্র রমজানের এ আয়োজনে সবাইকে একত্রিত করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও প্রেস ক্লাব বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করে যাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার