Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

চাঁদাবাজি: যুবদল নেতাকে গণপিটুনি মুসল্লিদের

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৩:২৩ পিএম

চাঁদাবাজি: যুবদল নেতাকে গণপিটুনি মুসল্লিদের

বিজ্ঞাপন

পঞ্চগড়ের দেবীগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত মেলায় বসা অস্থায়ী দোকানে চাঁদা তুলতে গিয়ে এক যুবদল নেতা উপস্থিত মুসল্লিদের গণপিটুনির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২১ মার্চ) সকালে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ শেষে এ ঘটনা ঘটে। এতে বিটুল নামে ওই যুবদল নেতা গুরুতর আহত হন।

বিটুল টেপ্রীগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। ৫ আগস্টের আগে তিনি টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

স্থানীয়রা জানান, শনিবার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় সকাল ১০টায়। ঈদকে কেন্দ্র করে রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয় মাঠে এক দিনের জন্য মেলা বসে। প্রতি বছর মেলায় আসা ব্যবসায়ীদের কাছ থেকে ২০-৫০ টাকা করে আদায় করা হতো মাঠ পরিষ্কারের জন্য।

কিন্তু এবার যুবদল নেতা বিটুল মেলায় আসা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করা হবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানান। আদায় করা চাঁদা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে ব্যয় করা হবে বলে জানানো হয়। যদিও বিদ্যালয় কর্তৃপক্ষ বরাবরই চাঁদা উত্তোলনে অপারগতা প্রকাশ করে।

মেলায় আসা একাধিক ব্যবসায়ী বলেন, ঈদের নামাজের পর বিটুলের নেতৃত্বে আশরাফুল, সহিদুলসহ বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে মাত্রাতিরিক্ত চাঁদা দাবি করে। প্রতিটি দোকান থেকে ৪০০ থেকে ৬০০ টাকা করে চাঁদা দাবি করা হয়, অনেকের কাছ থেকে তা আদায়ও করা হয়।

এতে ক্ষিপ্ত হন ব্যবসায়ীসহ স্থানীয়রা। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিটুলকে ধাওয়া করে উপস্থিত লোকজন গণপিটুনি দেন। এ সময় দু-একজন তাকে রক্ষার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরে বিদ্যালয়ের পার্শ্ববর্তী এক বাড়িতে দৌড়ে গিয়ে আশ্রয় নেন বিটুল। এ দেবীগঞ্জ থানায় বিষয়টি জানানো হলে পুলিশ গিয়ে বিটুলকে উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম আযম বলেন, বিদ্যালয় মাঠে কনসার্ট আয়োজনের জন্য মেলায় আসা ব্যবসায়ীদের থেকে চাঁদা উত্তোলনের কথা জানানো হলে আমি নিষেধ করি। কিন্তু আমার নিষেধ উপেক্ষা করে আজকে কনসার্ট আয়োজনের কথা বলে চাঁদা উত্তোলন করতে গেলে গণ্ডগোল শুরু হয়। ঘটনার জেরে একজনকে স্থানীয়রা গণপিটুনি দেয় বলে শুনেছি।

টেপ্রীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য বাবুল হোসেন বলেন, ঈদগাহ মাঠে কিছু দোকান বসেছিল। সেখানে বিটুলসহ কয়েকজন চাঁদা তুলতে ছিলেন। তবে এ বিষয়টি মুসল্লিদের পছন্দ না হওয়ায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, ঈদ উপলক্ষে মেলায় আসা অস্থায়ী দোকান থেকে মাঠ পরিষ্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য চাঁদা আদায়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। তবে পুলিশ যাওয়ার আগেই ঘটনাটি প্রায় সমাধান হয়ে যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার