বিজ্ঞাপন
বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৪:৩৫ পিএম
বিজ্ঞাপন
মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ছাড়া অন্তত ১৫টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছে।
রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের থানতলী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শহরের প্লানেট কমিউনিটি সেন্টারে পাকদী এলাকার শাহজাহানের ছেলে ইতালিপ্রবাসী মামুনের বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে থানতলী এলাকার ফজল খাঁর ছেলে আকিব এবং মানিক খলিফার ছেলে নাঈম খলিফার মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে উপস্থিত অতিথিরা বিষয়টি মীমাংসা করে দেন।
তবে ওই ঘটনার জের ধরে রবিবার সন্ধ্যায় আকিব ও নাঈম গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রাত ৯টার দিকে আবারও উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সোমবার ভোররাতে ফের দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। পাকদী এলাকায় অতর্কিত হামলায় প্রায় ১৫টি বসতঘর ভাঙচুর করা হয়। এতে অন্তত পাঁচজন আহত হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ওই এলাকায় স্বাভাবিক অবস্থা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বিজ্ঞাপন