Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

আ.লীগ নেতার পাম্পে পেট্রোল সংকটের নাটক!

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পিএম

আ.লীগ নেতার পাম্পে পেট্রোল সংকটের নাটক!

বিজ্ঞাপন

জ্বালানি সংকটের আড়ালে মানিকগঞ্জের শিবালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মালিকানাধীন পেট্রোলপাম্পের সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল সরিয়ে নেওয়ার সময় ট্যাংকলরিসহ জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)। 

বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বরংগাইল এলাকায় রুমি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে লরিটি আটক করা হয়। 

পাম্প মালিক আব্দুর রহিম খান জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান।

গোয়েন্দা সূত্র বলছে, নারায়ণগঞ্জ ডিপো থেকে প্রায় ১৩ হাজার ৫০০ লিটার জ্বালানি নিয়ে আসা লরিটি পাম্পে পৌঁছানোর পর ৯ হাজার লিটার ডিজেল নিয়মমাফিক খালাস করা হয়। কিন্তু বাকি সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল অদৃশ্য পথে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছিল। লক্ষ্য ছিল শিবালয় উপজেলা পরিষদের বিপরীতে টেপড়া এলাকায় যমুনা পেট্রোলিয়ামের ডিলার মামুন এন্টারপ্রাইজ। অভিযান চলাকালে হাতেনাতে প্রমাণ মেলে বলে দাবি এনএসআইয়ের। 

গোয়েন্দা উপস্থিতি টের পেয়ে লরিটি প্রথমে পালানোর চেষ্টা করে, পরে আবার ওই আওয়ামী লীগ নেতার পাম্পেই ফিরে আসে। সেখান থেকেই লরিটি আটক করা হয়।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরেই  সাধারণ গ্রাহকদের তেল নেই বলে ফিরিয়ে দিয়ে সেই তেলই বেশি দামে বিক্রি করা হচ্ছিল মামুন এন্টারপ্রাইজ নামের ওই প্রতিষ্ঠানে। অথচ ওই ডিলারের নেই পেট্রল বিক্রির অনুমোদন। পরে সেই তেল ঘুরে আরও চড়া দামে খুচরা বাজারে পৌঁছায়। ফলে ভোক্তাদের প্রতি লিটার পেট্রোল নিতে গুনতে হচ্ছিল ১৮০ থেকে ২২০ টাকা, যা সরকারি দামের চেয়ে অনেক বেশি। 

এ বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকার গণমাধ্যমকে বলেন, আমি ঘটনাস্থলে আছি, প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে পরে জানানো হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার