বিজ্ঞাপন
রাজশাহীতে চালু হলো ফুয়েল অ্যাপ, থাকছে যে সুবিধা
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৩:২২ পিএম
বিজ্ঞাপন
গ্রাহক হয়রানি ও জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকাল ৯টায় মহানগরীর কুমারপাড়ায় অবস্থিত গুলগফুর ফিলিং স্টেশনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন এই অ্যাপের মাধ্যমে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে। এর আওতায় একজন মোটরসাইকেল চালক ৫ দিনে একবার সর্বোচ্চ ৫০০ টাকার এবং মাইক্রোবাস বা প্রাইভেট কার চালক ২ হাজার টাকার পেট্রোল বা ডিজেল কিনতে পারবেন। ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত পয়েন্টম্যানরা অ্যাপের মাধ্যমে সরাসরি যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে জ্বালানি তেল সরবরাহ করবেন। এ সেবা নিতে গ্রাহকদের আলাদা কোনো নিবন্ধনের (রেজিস্ট্রেশন) প্রয়োজন হবে না। এছাড়া কৃষকদের নির্ধারিত কার্ডের মাধ্যমে কৃষিকাজে ব্যবহৃত ডিজেল সরবরাহ করা হচ্ছে। প্রশাসনের এমন যুগোপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ গ্রাহকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল নিতে আসা গ্রাহকরা যেন দীর্ঘ লাইনের ভোগান্তি এড়িয়ে স্বাচ্ছন্দ্যে তেল নিতে পারেন এবং কেউ যেন অবৈধ উপায়ে তেল মজুত করতে না পারেন, সে লক্ষ্যেই এই অ্যাপটি চালু করা হলো।
তিনি বলেন, যে কোনো পেট্রোল পাম্প থেকে একবার তেল নিলে পরবর্তী পাঁচদিন পার হওয়ার আগে কোনো গ্রাহক আর তেল নিতে পারবেন না। নির্ধারিত মেয়াদের আগে তেল নিতে এলে অ্যাপের মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যাবে। এ সময় উপস্থিত গ্রাহকদের এই নিয়ম মেনে চলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন অন্তরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বিজ্ঞাপন