Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

বিএনপি নেতার বিরুদ্ধে ২২০০ লিটার ডিজেল লুটের অভিযোগ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ এএম

বিএনপি নেতার বিরুদ্ধে ২২০০ লিটার ডিজেল লুটের অভিযোগ

বিজ্ঞাপন

নোয়াখালীর সদর উপজেলার মাইজচরায় আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন চৌধুরীর (৪৫) বিরুদ্ধে ২২০০ লিটার ডিজেল লুটের অভিযোগ উঠেছে। লুট হওয়া তেলের বাজারমূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে আন্ডারচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ট্রলার মালিক মো. সিরাজ মাঝি জানান, চট্টগ্রামে সাগরে মাছ ধরায় প্রশাসনের নিষেধাজ্ঞা জারির পর তার পাঁচটি ট্রলার লক্ষ্মীপুরের রামগতিতে স্থানান্তর করা হয়। ওই ট্রলারগুলোর জ্বালানির জন্য চট্টগ্রামের একটি ডিপো থেকে ২২০০ লিটার ডিজেল সংগ্রহ করা হয়। 

গভীর রাতে তেলবাহী পিকআপ ভ্যান চৌধুরী বাজার এলাকায় পৌঁছালে বিএনপি নেতা নিজাম উদ্দিন ও তার সহযোগীরা গাড়িটি আটক করে। পরে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িসহ পুরো ডিজেল লুট করে নিয়ে যায়। এ সময় চালকের কাছ থেকে নগদ ১ লাখ টাকা ও একটি মেশিনের কুলারও ছিনিয়ে নেওয়া হয়। পরদিন বুধবার সকালে চৌধুরী বাজার সংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় পিকআপটি উদ্ধার হয়।

ভুক্তভোগীর অভিযোগ, নিজাম উদ্দিন এখন তেল ফেরতের বিনিময়ে ১ লাখ টাকা দাবি করছেন। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে নিজাম উদ্দিন চৌধুরী তা অস্বীকার করে বলেন, প্রকৃত লুটকারীদের পরিচয় ভুক্তভোগী জানলেও তাদের নাম না বলে তার নাম জড়ানো হচ্ছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগী মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন এবং নিজেই তেল উদ্ধারের চেষ্টা করছেন বলে জানিয়েছেন। তিনি ব্যর্থ হলে পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে বলে জানান।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার