বিজ্ঞাপন
বাড়িতে মিলল ১২ কেজি ওজনের ৮ ফুট দৈর্ঘ্যের অজগর
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পিএম
বিজ্ঞাপন
চট্টগ্রামের হাটহাজারীতে বনাঞ্চল থেকে লোকালয়ে নেমে আসা প্রায় ৮ ফুট দৈর্ঘ্যের ১২ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুরাদপুর গ্রামের জালাল মেম্বারের বাড়ি থেকে অক্ষত অবস্থায় অজগর সাপটি উদ্ধার করেন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে ওই সংগঠনের হাটহাজারী উপজেলার প্রতিনিধি রেজাউল করিম রাকিব বলেন, উপজেলার মির্জাপুরের চারিয়া মুরাদপুর গ্রামের জালাল মেম্বার বাড়িতে স্থানীয়রা অজগর সাপটির দেখতে পেয়ে আমাকে জানান। খবর পেয়ে আমি আমার সহযোগী মো. ফয়সালকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করি।
অজগর উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বনাঞ্চল থেকে লোকালয়ে নেমে আসা উপজেলার মির্জাপুর ইউনিয়ন থেকে উদ্ধার করা ৮ ফুট দৈর্ঘ্য ও ১২ কেজি ওজনের অজগরটি বন বিভাগের আওতাধীন গহীন অরণ্যে অবমুক্ত করা হবে।