বিজ্ঞাপন
কলেজছাত্রীকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিয়ে ১ বছরের জন্য জেলে যুবক
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পিএম
বিজ্ঞাপন
পঞ্চগড়ে যৌন হয়রানির অপরাধে আটক যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
পঞ্চগড়ে দ্বাদশ শ্রেণির এক কলেজছাত্রীকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেওয়াসহ আপত্তিকর অঙ্গভঙ্গি করার অভিযোগে আবু হাসান নামে এক যুবককে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের পেছনের চিপাগলিতে এ ঘটনা ঘটে। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করা হলে বাদীর অভিযোগ, আসামীর স্বীকারোক্তি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আবু হাসান পঞ্চগড় সদর ইউনিয়নের ডুডুমারি এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ওই ছাত্রী প্রাইভেট শেষে কলেজের পেছনের চিপাগলি দিয়ে বাড়ি ফিরছিল। গলির মধ্যে আবু হাসান তার গতিরোধ করে টাকার বিনিময়ে তার সঙ্গে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয় এবং আপত্তিকর অঙ্গভঙ্গি করে। এ সময় ওই কলেজছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে আটক করে মারধর করে।
খবর পেয়ে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভুক্তভোগী কলেজছাত্রীর মা বলেন, ‘আমার মেয়ে প্রচণ্ড ভয় পেয়েছে। আমি চাই আর কারো সঙ্গে যেন এমন না হয়।’
দণ্ডপ্রাপ্ত আবু হাসান বলেন, ‘আমি শুধু বলেছি আপু ঘুরতে যাবেন? পরে আমি মাফও চেয়েছি। তারপরও আমাকে এত বড় শাস্তি দেওয়া হলো।’
পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ‘এই রায় উদাহরণ সৃষ্টি করেছে। যারা এমন ঘৃণ্য কাজ করবে তাদের পরিণতি এমনই হবে।’