বিজ্ঞাপন
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল কৃষকের
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫২ পিএম
বিজ্ঞাপন
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে মোহন শেখ (৬০) নামের এক কৃষক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নারীসহ আরও অন্তত ১০ জন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার মাধবপুর গ্রামের খালপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে জেলা যুবদল নেতা আবু জাহিদ চৌধুীরর সমর্থকদের সাথে শৈলকুপা উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার তরিকুল সাদাতের সমর্থকদের বিরোধ চলছিল।
গতকাল বুধবার সন্ধ্যায় জাহিদের এক সমর্থককে মারধর করে সাদাতের লোকজন। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে আহত হয় উভয় পক্ষের অন্তত ১১ জন। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জাহিদের সমর্থক মোহন শেখকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ এমরান তন্নি কালের কণ্ঠকে বলেন, মোহন শেখকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে আব্বাস শেখ নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুরে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন কালের কণ্ঠকে বলেন, আধিপত্য বিস্তারের জেরে এই ঘটনা ঘটেছে।
এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।