Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে বাসায় ঢুকে ধর্ষণচেষ্টা, অতঃপর...

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পিএম

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে বাসায় ঢুকে ধর্ষণচেষ্টা, অতঃপর...

বিজ্ঞাপন

রংপুরের মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার নাম করে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মো. এনামুল হকের বিরুদ্ধে। এ ঘটনার প্রেক্ষিতে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

অভিযুক্ত এনামুল হক উপজেলার ভাংনী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। মূলত কুড়িগ্রামের রাজারহাটের বাসিন্দা হলেও তিনি বর্তমানে ভাংনী ইউনিয়নে ভাড়া বাসায় থাকেন।

ভুক্তভোগী ওই নারী অভিযোগে জানান, বিগত নির্বাচনের প্রচারণার সময় এনামুলের সঙ্গে তার পরিচয় হয়। সম্প্রতি এনামুল তাকে একটি সরকারি ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস দেন। শুক্রবার (২৪ এপ্রিল) এনামুল ওই নারীর বাড়িতে গিয়ে জানান, ঈদের পর কার্ড বিতরণ করা হবে এবং এর জন্য ব্যক্তিগত ফোন নম্বর প্রয়োজন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ফোন নম্বর নেওয়ার অজুহাতে তিনি পুনরায় ওই নারীর বাড়িতে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি ভুক্তভোগীকে কুপ্রস্তাব দেন এবং একপর্যায়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। ভুক্তভোগী নারী কোনোমতে তাকে ধাক্কা দিয়ে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেন।

ভুক্তভোগীর স্বামী অভিযোগ করেছেন যে, ঘটনার পর থেকেই এনামুল হক তাদের ভয়ভীতি দেখাচ্ছেন যাতে তারা আইনের আশ্রয় না নেন। মামলা করলে কোনো লাভ হবে না বলেও হুমকি দিচ্ছেন তিনি।

অন্যদিকে, অভিযুক্ত এনামুল হক তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ব্যক্তিগত শত্রুতার জেরে তাকে মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে। তবে অভিযোগের গুরুত্ব বিবেচনা করে স্থানীয় বিএনপি তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। ভুক্তভোগী নারী এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

এ দিকে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে অভিযুক্ত এনামুল হককে দল থেকে বহিষ্কার করেছে মিঠাপুকুর উপজেলা বিএনপি। একইসঙ্গে অভিযোগ তদন্তে ভাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনকে নিয়ে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার