বিজ্ঞাপন
বিদেশি নাগরিকদের উত্ত্যক্ত করায় দুই টিকটকার আটক
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৭:০৯ পিএম
বিজ্ঞাপন
নাটোরের লালপুরে গ্রিন ভ্যালি পার্কে রূপপুর পারমাণবিক প্রজেক্টে কর্মরত দুজন বিদেশি নাগরিককে উত্ত্যক্ত করায় দুই টিকটকারকে আটক করেছে লালপুর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৮ মে) উপজেলার লালচানপাড়া এলাকায় গ্রিন ভ্যালি পার্কে কথিত টিকটকার মোহাম্মদ সাধু ‘টিকটক বন্ধু মিলনমেলা-২০২৬’ ব্যানারে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এ সময় অনুষ্ঠানের পাশ দিয়ে পার্কে আগত রূপপুর পারমাণবিক প্রজেক্টে কর্মরত দুইজন বিদেশি নাগরিক যাওয়ার সময় ১০-১৫ জন টিকটকার তাদের পথরোধ করে বিভিন্ন ধরনের অশ্লীল ভাষা প্রয়োগ এবং ভিডিও ধারণ করে।
বিষয়টি জানতে পেরে পার্কের ম্যানেজার এসএম ওয়াজেদুর রহমানসহ কর্মচারীরা মিলে তাদের নিবৃত্ত করেন। পরবর্তীতে টিকটকাররা অনুষ্ঠান শেষ করে চলে যায় এবং ৯ মে আমিনুল খান নামক ফেসবুক আইডি থেকে একটি ভিডিও ভাইরাল হয়।
ভিডিও তে দেখা যায়, দুইজন বিদেশি নাগরিককে ১০-১৫ জন ব্যক্তি বলেন- ‘ইউ পর্নোস্টার, তুমি মিয়া খলিফার জামাই নাকি, তুমি রাজশাহীর সূর্যমুখী হোটেলে গেছিলাসহ’ বিভিন্ন ধরনের অশ্লীল কথা বলে তাদের হয়রানি করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, পার্কের ম্যানেজার বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন। পরবর্তীতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত (ভিডিওধারণ ও ভাইরালকারী) রাজশাহী জেলার মোহনপুর থানার হরিদাগাছি এলাকার তমির উদ্দিনের ছেলে মো. আমিনুল ইসলাম (২৯) ও তানোর থানার আয়েন উদ্দিনের ছেলে মো. রাসেল ইসলামকে (২৩) আটক করে পুলিশ।
এছাড়াও ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের চিহ্নিতকরণসহ গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন ওসি।