বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীতে দীর্ঘদিন পর ধরা পড়েছে প্রায় ২ কেজি ওজনের একটি ইলিশ। বড় ইলিশ ধরা পড়ার খবরে স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের উত্তর পাঙ্গাসিয়া গ্রামের জেলে খলিল মাঝির জালে মাছটি ধরা পড়ে। পরে স্থানীয় বাজারে মাছটি ৭ হাজার টাকায় বিক্রি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে পায়রা নদীতে মাছ ধরতে যান জেলে খলিল মাঝি। নদীর নির্দিষ্ট একটি স্থানে জাল ফেলার পর কিছুক্ষণ অপেক্ষা করেন তিনি। পরে জাল টানতে গিয়ে অস্বাভাবিক ভার অনুভব করেন। প্রথমে বড় কোনো সামুদ্রিক মাছ ধরা পড়েছে বলে ধারণা করলেও জাল ওপরে তোলার পর দেখা যায় বিশাল আকৃতির একটি ইলিশ মাছ আটকা পড়েছে।
পরে মাছটি ওজন করলে প্রায় ২ কেজি ওজন পাওয়া যায়। নদীতে এত বড় ইলিশ ধরা পড়ার খবর দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে মাছটি এক নজর দেখতে স্থানীয়দের ভিড় জমে যায়।
জেলে খলিল মাঝি জানান, অনেক বছর ধরে নদীতে মাছ ধরি। কিন্তু বড় ইলিশ আগে কখনো পাইনি। মাছটি পেয়ে খুব আনন্দ লাগছে। ভালো দামেও বিক্রি করতে পেরেছি।
স্থানীয় জেলেরা জানান, একসময় পায়রা নদীতে বড় আকারের ইলিশ নিয়মিত ধরা পড়লেও বর্তমানে তা অনেকটাই কমে গেছে। দীর্ঘদিন পর আবার বড় ইলিশ ধরা পড়ায় জেলেদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তাদের মতে, নদীর পরিবেশ, পানির প্রবাহ ও নাব্যতা অনুকূলে থাকায় ধীরে ধীরে আবারও বড় ইলিশের দেখা মিলতে পারে।
মাছ ব্যবসায়ীরাও বলছেন, বর্তমানে বাজারে বড় আকারের ইলিশের চাহিদা বেশি থাকলেও সরবরাহ কম। ফলে এ ধরনের বড় ইলিশ বাজারে এলে ক্রেতাদের মধ্যেও আগ্রহ তৈরি হয়।