বিজ্ঞাপন
প্রবাসীদের জন্য নতুন সুবিধা চালু করলো এনবিআর
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৬ পিএম
বিজ্ঞাপন
বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি করদাতাদের ই-রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করতে ই-মেইলে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাঠানোর নতুন সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে এখন থেকে প্রবাসীরা মোবাইল ফোনের পরিবর্তে নিজস্ব ই-মেইলের মাধ্যমে ওটিপি নিয়ে পাসওয়ার্ড রিসেটসহ প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারবেন।
এনবিআর সূত্রে জানা গেছে, যেসব করদাতা বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু বর্তমানে বিদেশে অবস্থান করায় মোবাইল ওটিপি নিতে পারছেন না, তাদের জন্য এ বিশেষ ই-মেইল ভেরিফিকেশন পদ্ধতি চালু করা হয়েছে।
নতুন ব্যবস্থার আওতায় প্রবাসী করদাতাকে তার নিজস্ব ই-মেইল থেকে ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে পাসপোর্টের কপি, জাতীয় পরিচয়পত্র, ভিসা পৃষ্ঠার কপি, বিদেশের ঠিকানা, বিদেশে ব্যবহৃত মোবাইল/ফোন নম্বর এবং সর্বশেষ বাংলাদেশ ত্যাগের তারিখ উল্লেখ করতে হবে।
এনবিআর আবেদন যাচাই-বাছাই শেষে ই-মেইল ভেরিফাই করবে। এরপর ভেরিফায়েড ই-মেইলে ওটিপি ব্যবহার করে করদাতা পাসওয়ার্ড রিসেট, পুনঃনিবন্ধন এবং ই-রিটার্ন দাখিলসহ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
এদিকে, অনলাইনে ই-রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজতর হওয়ায় চলতি ২০২৫-২৬ করবর্ষে করদাতাদের সাড়া বেড়েছে। এ পর্যন্ত প্রায় ৩৯ লাখ আয়কর রিটার্ন অনলাইনে জমা পড়েছে বলে জানিয়েছে এনবিআর।
বিজ্ঞাপন