বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মার্কিন শুল্কনীতি ঘিরে অনিশ্চয়তার মধ্যে বুধবার এশীয় লেনদেনে স্বর্ণের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক শুল্ক পদক্ষেপ বাতিল করার রায় দেওয়ার পর বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণে ঝুঁকেছেন; যার ফলে এই মূল্যবান ধাতুটির দাম বেড়েছে। খবর রয়টার্স।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ১১টা ৩৪ মিনিটে স্পট স্বর্ণের দাম দাঁড়ায় প্রতি আউন্স ৫,১৯৮ ডলার। এর আগের সেশনে স্বর্ণ তিন সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় দাম ১ শতাংশের বেশি কমেছিল।
এপ্রিল ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ০.৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫,২১৭.৩০ ডলারে।
বাজার বিশ্লেষকরা বলছেন, চীনা বাজারে লেনদেন পুনরায় শুরু হওয়া এবং যুক্তরাষ্ট্রে নীতিগত অনিশ্চয়তা স্বর্ণের আকর্ষণ বাড়িয়েছে।
ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কাইল রড্ডা বলেন, চীনা বাজারের প্রত্যাবর্তন এবং যুক্তরাষ্ট্রে নীতিগত অনিশ্চয়তা স্বর্ণ ও আংশিকভাবে রুপার প্রতি আগ্রহ ধরে রেখেছে।
এর মধ্যে মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্র ১০ শতাংশ অস্থায়ী বৈশ্বিক আমদানি শুল্ক আদায় শুরু করেছে। তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ওয়াশিংটন তা ১৫ শতাংশে উন্নীত করার চেষ্টা করছে। সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি নিয়ে বিভ্রান্তি আরও বেড়েছে।
এদিকে ফেডারেলে রিজার্ভের দুই কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, নিকট ভবিষ্যতে সুদের হার পরিবর্তনের কোনো আগ্রহ নেই। তবে বাজার বিশ্লেষণ প্ল্যাটফর্ম সিএমই গ্রুপের ‘ফেডওয়াচ’ টুল অনুযায়ী, চলতি বছরে ২৫ বেসিস পয়েন্ট করে তিন দফা সুদহার কমার সম্ভাবনা দেখছেন বিনিয়োগকারীরা।
কাইল রড্ডা আরও বলেন, যুক্তরাষ্ট্রের আর্থিক ও বাণিজ্যনীতি এবং পররাষ্ট্রনীতি যদি একইভাবে চলতে থাকে, তবে স্বর্ণের দামে আরও ঊর্ধ্বগতি দেখা যেতে পারে।
শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট রুপার দাম ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮৯.৯২ ডলারে পৌঁছেছে, যা তিন সপ্তাহের সর্বোচ্চ।
স্পট প্লাটিনাম ৩.৬ শতাংশ বেড়ে ২,২৪৪.৮৫ ডলারে দাঁড়িয়েছে—৫ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ।
প্যালাডিয়াম ২.৪ শতাংশ বেড়ে তিন সপ্তাহের উচ্চতায় ১,৮১১.৩৭ ডলারে পৌঁছেছে।
বিজ্ঞাপন