বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর রবিবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
এর আগে সবশেষ গত ২ এপ্রিল চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। ওইদিন ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮। অর্থাৎ এলপিজির ১২ কেজির সিলিন্ডারে এক লাফে ২১২ টাকা দাম বাড়ল।
এর আগে, এপ্রিল মাসের শুরুতেই এলপিজির মূল্য ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়।
এক মাসে দুইবার মূল্যবৃদ্ধির কারণ হিসেবে বিইআরসি বলছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালি সংকট এবং মধ্যপ্রাচ্য বিপদজনক জোন/সরাসরি যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ায় মধ্যপ্রাচ্য অঞ্চলে এলপিজির জাহাজ চলাচল বন্ধ হওয়া, বিকল্প পথে/উৎস থেকে এলপিজি আমদানিতে সময় ও জ্বালানি খরচ বৃদ্ধিসহ মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিমা ও নিরাপত্তা ব্যয় বৃদ্ধি পাওয়ায় দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে এলপিজি আমদানির জাহাজভাড়া ও ট্রেডারের প্রিমিয়াম চার্জ অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রতি মেট্রিক টন ২৫০ মার্কিন ডলার পুনর্নির্ধারণ করা হয়েছে।