Logo
Logo
×

বিজ্ঞাপন

অর্থনীতি

বছর শেষে ৬ লাখ টাকা ছাড়াতে পারে স্বর্ণের দাম, দেশে আজ ভরি কত

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৯:১৭ এএম

বছর শেষে ৬ লাখ টাকা ছাড়াতে পারে স্বর্ণের দাম, দেশে আজ ভরি কত

বিজ্ঞাপন

বিশ্ববাজারের সঙ্গে পাল্লা দিয়ে অস্থির অবস্থা বিরাজ করছে দেশের স্বর্ণের বাজারে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দাম কমার রেশ কাটতে না কাটতেই আবারও উত্থান দেখল দেশের জুয়েলারি খাত। সর্বশেষ গতকাল ৬ মে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় তারা নতুন করে দাম সমন্বয় করেছে। সেই দামেই আজ (বৃহস্পতিবার) স্বর্ণ কেনাবেচা হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আজ দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায় কিনতে হবে।

দেশে মূল্যবৃদ্ধির আগপর্যন্ত সর্বশেষ সোনার দাম ছিল এ রকম- ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা। ২১ ক্যারেটের সোনা ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

এদিকে বিশ্ববাজারেও বড় উত্থানের দৃশ্য দেখা গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার (৬ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩৮ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ৩ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭০৩ দশমিক ০৯ ডলারে পৌঁছেছে। আর জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসও ৩ দশমিক ২ শতাংশ বেড়ে ৪ হাজার ৭১৪ ডলারে দাঁড়িয়েছে।

অ্যাকটিভট্রেডসের বিশ্লেষক রিকার্ডো এভানজেলিস্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘পারস্য উপসাগরে পরিস্থিতি স্বাভাবিক হলে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হতে পারে। বছর শেষে স্বর্ণের দাম সাড়ে ৫ হাজার (বর্তমান দরে বাংলাদেশি টাকায় ৬ লাখের ওপরে) ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে।’

এ ছাড়া রুপার দাম ৫ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৬ দশমিক ৯৫ ডলার, প্লাটিনাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ২ হাজার ২০ দশমিক ০৫ ডলার এবং প্যালাডিয়াম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৫৩৪ দশমিক ৪২ ডলারে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, বিশ্ববাজারে স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি বেড়ে এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির সম্ভাবনা তৈরি হওয়ায় ডলার ও তেলের দাম কমছে, ফলে মূল্যস্ফীতির চাপও কিছুটা কমেছে। এতে সুদের হার হ্রাস পাওয়ার সম্ভাবনা দেখা দেয়ায় সুদবিহীন সম্পদ স্বর্ণের প্রতি ঝুঁকছেন বিনিয়োগকারীরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার