বিজ্ঞাপন
ট্রাম্প-শি বৈঠক ঘিরে বিশ্ববাজারে স্থিতিশীল স্বর্ণের দাম
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০১:৫৪ পিএম
বিজ্ঞাপন
বিশ্বের দুই শীর্ষ নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক এবং ইরান যুদ্ধের টানটান উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম স্থিতিশীল রয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল পর্যন্ত বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় কোনো উত্থান-পতন দেখা যায়নি।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার সকাল ০৬:০২ জিএমটি পর্যন্ত প্রতি আউন্স স্পট গোল্ড ৪,৬৮৯.৪৯ ডলারে স্থির ছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জুন ডেলিভারি ফিউচার গোল্ডের দাম ০.২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪,৬৯৬.৪০ ডলারে।
গোল্ডসিলভার সেন্ট্রাল-এর ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের উচ্চপর্যায়ের বৈঠকে কী ঘটে, সবাই সেদিকেই তাকিয়ে আছে। ফলে স্বর্ণের বাজার বর্তমানে কিছুটা থিতু হয়ে আছে। দাম সামান্য নিম্নমুখী হওয়া নতুন বিনিয়োগকারীদের জন্য ভালো একটি সুযোগ হতে পারে।
প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে বেইজিং সফরে রয়েছেন। শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বাণিজ্য চুক্তি রক্ষা এবং মধ্যপ্রাচ্য সংকট নিরসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া গত ফেব্রুয়ারিতে ইসরাইলকে সঙ্গে নিয়ে শুরু করা ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্প চীনের সহায়তা চাইতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, এ বিষয়ে চীন কতটা নমনীয় হবে তা নিয়ে সংশয় রয়েছে।
এদিকে প্রতিবেশী দেশ ভারতে স্বর্ণের বাজারে ব্যাপক মন্দা দেখা দিয়েছে। আমদানি শুল্ক বৃদ্ধির কারণে সেখানে স্বর্ণের ডিসকাউন্ট রেকর্ড ২০০ ডলারে পৌঁছেছে। আকাশচুম্বী দামের কারণে সাধারণ ক্রেতাদের মধ্যে চাহিদা কমে যাওয়ায় লোকসানে স্বর্ণ বিক্রি করছেন অনেক ডিলার।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্পট সিলভারের দাম ০.৯ শতাংশ কমে আউন্স প্রতি ৮৭.১৯ ডলার এবং প্লাটিনাম ০.২ শতাংশ কমে ২,১৩৩.৩৫ ডলারে নেমেছে। তবে প্যালাডিয়ামের দাম ০.১ শতাংশ বেড়ে ১,৫০১.২৫ ডলারে দাঁড়িয়েছে।
সূত্র: রয়টার্স