বিজ্ঞাপন
এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পিএম
বিজ্ঞাপন
এসএসসি পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম ও নকল বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার (১০ এপ্রিল) চট্টগ্রাম অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি নকলমুক্ত ও সুন্দর পরিবেশে পরীক্ষা আয়োজনের বিষয়ে একগুচ্ছ নির্দেশনা প্রদান করেন।
কেন্দ্র সচিবদের উদ্দেশ্যে তিনি বলেন, পরীক্ষাকে ঘিরে কোনো ধরনের অহেতুক আতঙ্ক সৃষ্টি করা যাবে না। তিনি প্রতিটি পরীক্ষা কক্ষে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) স্থাপনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।
বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণ নিশ্চিত করতে বিকল্প হিসেবে আইপিএস ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি উল্লেখ করেন, এ ব্যবস্থা পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার পরীক্ষাকেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণেও সহায়ক হবে।
মন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষকদের সহযোগিতায় আমরা পাবলিক পরীক্ষায় নকল বন্ধ করতে সক্ষম হয়েছিলাম। এবারও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে বলে আমি আশাবাদী।
খাতা মূল্যায়ন প্রসঙ্গে পরীক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী নির্দেশনা দেন, খাতায় যা-ই লেখা থাকুক, সঠিক উত্তর যাচাই করেই নম্বর দিতে হবে। কোনোভাবেই অতিরিক্ত বা কম নম্বর দেওয়া যাবে না।
প্রশ্নপত্র ফাঁসকে একটি গুরুতর অপরাধ উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। এবারও তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে। এ ধরনের অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
বিজ্ঞাপন