বিজ্ঞাপন
প্রকাশ্যে বুবলী, জল্পনা নয়—বেবিবাম্পেই মিলল ইঙ্গিত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম
বিজ্ঞাপন
চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীকে ঘিরে দীর্ঘদিনের গুঞ্জনে এবার নতুন মাত্রা যোগ হলো। মা হতে যাচ্ছেন তিনি—এমন খবর প্রকাশের পর প্রথমবারের মতো প্রকাশ্যে হাজির হয়ে আলোচনাকে আরও জোরালো করলেন এই নায়িকা। শোবিজ অঙ্গনে এখন একটাই প্রশ্ন—শাকিব খান ও বুবলীর ঘরে কি আসছে দ্বিতীয় সন্তান?
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি ব্র্যান্ডের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে উপস্থিত হন বুবলী। এদিন বিস্কিট রঙের ফ্লোর-টাচ গাউন পরে অনুষ্ঠানে আসেন তিনি। ক্যামেরার সামনে দাঁড়াতেই স্পষ্ট হয়ে ওঠে তার বেবিবাম্প, যা দেখে উপস্থিত সবার মধ্যেই শুরু হয় আলোচনা।
বুবলীর হাঁটাচলা ও শরীরী ভাষা দেখে অনেকেই ধারণা করছেন, তিনি অন্তঃসত্ত্বার প্রাথমিক পর্যায়ে নেই। বরং গর্ভাবস্থা বেশ এগিয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শিগগিরই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে পারেন বুবলী। শাকিব খানের পরামর্শেই নাকি সেখানেই সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনা রয়েছে। এমনকি সন্তানের জন্মের সময় শাকিব খান তার পাশে থাকতে পারেন বলেও শোনা যাচ্ছে।
যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত শাকিব খান বা বুবলী—কেউই আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে কালের কণ্ঠকে শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, বুবলী অন্তঃসত্ত্বা এবং শাকিব খান আবারও বাবা হতে চলেছেন।
শুক্রবারের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়লেও বুবলী বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি। মা হতে যাচ্ছেন—এমন খবর তিনি না অস্বীকার করেছেন, না স্বীকার। কৌশলে এড়িয়ে যান পুরো বিষয়টি।
সাংবাদিকরা ব্যক্তিগত জীবন নিয়ে জানতে চাইলে হাসিমুখে বুবলী বলেন, “এগুলো খুবই ব্যক্তিগত বিষয়। যখন কথা বলবো, তখন সবাইকে সম্মান রেখেই বলবো। আমি একটা শান্তিপূর্ণ পরিবেশ চাই।”
তিনি আরও যোগ করেন, “আজ আমরা এখানে একটি প্রোগ্রামের গ্র্যান্ড লঞ্চে এসেছি। এখানে এসব স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না।”
বিদেশযাত্রা প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও হাসতে হাসতে নিজের পাসপোর্ট দেখিয়ে বুবলী বলেন, “এটাই আমার গুরুত্বপূর্ণ পাসপোর্ট, যেটা আজ হাতে পেয়েছি।”
দীর্ঘদিন ধরেই শাকিব খান ও বুবলীর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও, তারা বাবা-মা হতে যাচ্ছেন—এই খবর নতুন করে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে গত বছর নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে শাকিব-বুবলী ও তাদের ছেলে শেহজাদ খান বীরের একসঙ্গে সময় কাটানোর ছবি সামনে আসার পর থেকেই আলোচনা চলছিল—তারা কি আবার কাছাকাছি আসছেন?
এবার সেই প্রশ্নই ফিরছে আরও জোরালোভাবে।
বিজ্ঞাপন