বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে উত্তেজনা চরমে। রবিবার রাত থেকেই ফলাফলের অপেক্ষায় প্রহর গুনছে গোটা রাজ্য। সোমবার সকাল থেকে শুরু হওয়া ভোট গণনায় প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে, শাসক তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বেশ কিছু আসনে এগিয়ে গিয়ে বিজেপি ম্যাজিক ফিগারের দিকে এগোচ্ছে বলে ইঙ্গিত মিলেছে।
২৯৪টি আসনের মধ্যে বড় অংশেই এগিয়ে থাকার দাবি উঠেছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে, যদিও চূড়ান্ত ফলাফল এখনও বাকি।
এবারের নির্বাচনে রাজনৈতিক দলের হয়ে লড়েছেন একাধিক তারকা। গণনার প্রাথমিক ধাপে তাদের পারফরম্যান্স নিয়েও আগ্রহ ছিল ব্যাপক।
শিবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ কয়েক রাউন্ড গণনা শেষে তৃণমূলের প্রার্থীর থেকে এগিয়ে আছেন।
৪ রাউন্ড গণনাশেষে তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়ের থেকে প্রায় কয়েক হাজার ভোটে এগিয়ে প্রথম স্থানে রয়েছেন রুদ্রনীল ঘোষ। এখন পর্যন্ত তাঁর মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ২২২৯৮।
অন্যদিকে করিমপুরে তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী শুরু থেকেই এগিয়ে রয়েছেন এবং বড় ব্যবধানে লিড ধরে রেখেছেন। প্রায় ১১ হাজার ভোটের ব্যবধানে বিজেপির সমরেন্দ্র ঘোষ এবং বামপ্রার্থী প্রভাস মজুমদারের থেকে এগিয়ে রয়েছেন তিনি।
তবে শ্যামপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী এগিয়ে থাকলেও বিজেপির হিরণ চট্টোপাধ্যায় ৫৩৬৯ ভোটে পিছিয়ে পড়েছেন প্রাথমিক ট্রেন্ডে। অন্যদিকে বরানগরে তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই ৩৮৬৮ ভোটে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সজল ঘোষের কাছে।
সোনারপুর দক্ষিণ কেন্দ্রে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায় এগিয়ে আছেন তৃণমূলের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে। যাদবপুরে বিজেপি প্রার্থী এগিয়ে থাকলেও তৃণমূল ও বাম প্রার্থীদের সঙ্গে ব্যবধান খুব বেশি নয়।
এদিকে বারাকপুর কেন্দ্রেও জমে উঠেছে লড়াই।
তৃণমূলের রাজ চক্রবর্তী ও বিজেপি প্রার্থীর মধ্যে চলছে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা।
সব মিলিয়ে প্রাথমিক গণনায় স্পষ্ট, এবারের নির্বাচনে তারকা প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। কেউ এগিয়ে থাকলেও চূড়ান্ত ফল নির্ভর করছে বাকি রাউন্ডের গণনার ওপর।
ফল ঘোষণা না হওয়া পর্যন্ত ‘বাংলার মসনদ’ কার দখলে যাচ্ছে, তা নিয়ে অনিশ্চয়তা থাকছেই। তবে শেষ পর্যন্ত কারা জয়ী হন, সেদিকেই এখন নজর সবার।