Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

কারিনার জন্য আসছে এয়ার অ্যাম্বুল্যান্স, নেওয়া হবে যে দেশে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০২:৫২ পিএম

কারিনার জন্য আসছে এয়ার অ্যাম্বুল্যান্স, নেওয়া হবে যে দেশে

বিজ্ঞাপন

অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হচ্ছে। তার জন্য এয়ার অ্যাম্বুল্যান্স আনা হচ্ছে। আজ সোমবার বিকালেই তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হবে।

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও নিজেকে পরিচিত করে তোলেন। কিন্তু কয়েক দিনের ব্যবধানে জীবন যেন পুরোপুরি বদলে গেছে এ অভিনেত্রীর। লিভারসংক্রান্ত জটিলতায় গত শুক্রবার রাত থেকে লাইফসাপোর্টে থাকা কারিনাকে উন্নত চিকিৎসার জন্য আজ এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হবে। এমনটিই জানিয়েছেন তার বাবা কিংবদন্তি সাবেক ফুটবলার কায়সার হামিদ।

কায়সার হামিদ বলেন, ‘মাত্রই ভিসা হাতে পেলাম। বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে ওকে (কারিনা) চেন্নাই থেকে নিতে আসবে। ওখানে হাসপাতালের অনেক টাকা বিল। এর পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্সের জন্যও অনেক টাকার প্রয়োজন। আম্মার (দাবাড়ু রানী হামিদ) আর আমার কিছু ফিক্সড ডিপোজিট ভাঙছি। আর একটা জমির বায়না করছি।’ 

আরও পড়ুন
এগুলো আজকের দিনের ভেতর সম্পন্ন হবে বলে জানিয়েছেন এ সাবেক মোহামেডান ফুটবল অধিনায়ক।

কয়েক দিন ধরেই কারিনা কায়সারের শারীরিক অবস্থা খুব খারাপ যাচ্ছিল। শুরুতে সাধারণ অসুস্থতা মনে হলেও পরে অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। মেয়ের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে কায়সার হামিদ বলেন, ‘তার অবস্থা অপরিবর্তিত। খুব একটা পরিবর্তন হয়নি। তবে চিকিৎসকরা আপাতত তার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন।’ 

তিনি বলেন, ‘এখন সবচেয়ে বড় বিষয় হলো— ওকে (কারিনা) নিরাপদে সেখানে নেওয়া এবং দ্রুত চিকিৎসা শুরু করা। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

এর আগে কায়সার হামিদ জানিয়েছিলেন, পরিবারের জন্য এ মুহূর্তে চিকিৎসার ব্যয় বহন করা অত্যন্ত কঠিন। কারণ এর আগে তার আরেক ভাই দীর্ঘদিন ব্রেন ক্যানসারে আক্রান্ত ছিলেন। সেই চিকিৎসায় পরিবারের বিপুল অর্থ ব্যয় হয়। এখন মেয়ের চিকিৎসার খরচ জোগাড় করতে জমি বিক্রির উদ্যোগ নিয়েছেন তারা। এর পাশাপাশি ফিক্সড ডিপোজিটও ভাঙতে হচ্ছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, তার শরীরে সংক্রমণ হয়েছে। একই সঙ্গে তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হন। এর মধ্যে আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। পরে জটিলতা বাড়তে বাড়তে গত শুক্রবার তার লিভার ফেইলিউর হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার