Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ভারতে তরুণীকে ধর্ষণের অভিযোগে সেনাসদস্য গ্রেফতার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ পিএম

ভারতে তরুণীকে ধর্ষণের অভিযোগে সেনাসদস্য গ্রেফতার

বিজ্ঞাপন

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচিতে কর্তব্যরত অবস্থায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্যতে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাঁচির টাটিসিলওয়াই রেলস্টেশনে ঘটনাটি ঘটে। ওই সময় ২২ বছর বয়সী এক তরুণী রাঁচিগামী একটি ট্রেনে ওঠার জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন।

অভিযোগে বলা হয়, ৪২ বছর বয়সী ওই সেনাসদস্য তরুণীকে একটি ট্রেনের খালি কোচে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন। রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) এক কর্মকর্তা জানান, অভিযুক্ত সেনাসদস্য ওই সময় একটি প্রতিরক্ষা লজিস্টিকস ট্রেন পাহারার দায়িত্বে ছিলেন এবং অপরাধ সংঘটনের সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 গ্রেফতার হওয়া সেনাসদস্য উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলার সারহা থানা এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে পাঞ্জাবের পাটিয়ালায় অবস্থিত ৪২ মিডিয়াম রেজিমেন্টে কর্মরত ছিলেন বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

তরুণীর চিৎকার শুনে রেলস্টেশনে উপস্থিত লোকজন জড়ো হয়ে চিৎকার শুরু করলে বিষয়টি নজরে আসে। এরপর রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আসার আগেই অভিযুক্ত জওয়ান পালানোর চেষ্টা করেন ও এ সময় তিনি আহত হন বলে জানানো হয়েছে।

ভুক্তভোগী তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) অভিযুক্তকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

সূত্র: দ্য হিন্দু

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার