বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে একটি আবাসিক এলাকায় ৯ তলা ভবন থেকে লাফ দিয়ে তিন অপ্রাপ্তবয়স্ক বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিন বোন একসঙ্গে ভবন থেকে ঝাঁপ দিলে আশপাশের বেশিরভাগ বাসিন্দা তখন ঘুমিয়ে ছিলেন। নিচে পড়ে যাওয়ার শব্দে স্থানীয়দের ঘুম ভাঙে এবং পরে ঘটনাটি জানাজানি হয়।
জানা গেছে, ঘটনার আগে তিন বোন তাদের কক্ষ ভেতর থেকে তালাবদ্ধ করে রেখেছিল। পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাদের উদ্ধার করার চেষ্টা করেন। তবে ততক্ষণে তারা ভবন থেকে লাফিয়ে পড়ে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত তিন বোন-বিশিকা (১৬), প্রাচী (১৪) ও পাখি (১২)=একটি কোরিয়ান অনলাইন গেমে অতিমাত্রায় আসক্ত হয়ে পড়েছিল। বিষয়টি নিয়ে তাদের বাবা-মায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল বলে জানা যায়।
করোনাভাইরাস মহামারির সময় থেকে তারা অনলাইন গেমের প্রতি অতিরিক্ত ঝুঁকে পড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গেমে আসক্তির কারণে তারা নিয়মিত স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তিন বোনের মধ্যে অস্বাভাবিক ঘনিষ্ঠতা লক্ষ্য করা যেত। দৈনন্দিন প্রায় সব কাজ-যেমন খাওয়া, গোসল, ঘুমানো বা বাইরে যাওয়া- তারা একসঙ্গেই করত।
প্রতিবেদন অনুযায়ী, গেমের প্রভাব এতটাই গভীর হয়েছিল যে তারা নিজেদের জন্য কোরিয়ান নামও ব্যবহার করতে শুরু করেছিল। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সেখানে কান্নার ইমোজি ব্যবহার করে ‘দুঃখিত, বাবা’ লেখা ছিল বলে জানা গেছে।
ঘটনার কারণ ও প্রেক্ষাপট খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
সূত্র: এনডিটিভি
বিজ্ঞাপন