বিজ্ঞাপন
পানির লাইন সংস্কারে ২১ কেজি স্বর্ণ অনুদান দিলেন এক ব্যক্তি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৬ পিএম
বিজ্ঞাপন
পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নের জন্য বড় ধরনের অনুদান পেয়েছে জাপানের বাণিজ্যিক শহর ওসাকা। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যমান পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে ২১ কেজি স্বর্ণের বার অনুদান পেয়েছে তারা। যার বাজার মূল্য প্রায় ৩৬ লাখ মার্কিন ডলার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ওসাকা শহরের মেয়র হিদেয়ুকি ইয়োকোয়ামা।
ইয়োকোয়ামা জানান, গত বছরের নভেম্বরে এক ব্যক্তি আনুমানিক ৫৬০ মিলিয়ন ইয়েন মূল্যের এই স্বর্ণের বারগুলো দান করেন। তিনি নিজের নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন। একই ব্যক্তি এক মাস আগে পৌরসভার পানি বিভাগে ৩ হাজার ৩০০ ডলার নগদ অনুদানও দিয়েছিলেন।
জাপানের কানসাই অঞ্চলের বাণিজ্যিক কেন্দ্র এবং দেশের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। সেখানে বসবাস করেন প্রায় ৩০ লাখ মানুষ। দেশটির অনেক শহরের মতো ওসাকায় পানি ও পয়ঃনিষ্কাশন পাইপগুলো বেশ পুরোনো। শহরের পানি সরবরাহ ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪ অর্থবছরে ওসাকার রাস্তার নিচে ৯০টিরও বেশি পাইপ লিকেজের ঘটনা ঘটে।
স্বর্ণ অনুদান সম্পর্কে বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র ইয়োকোয়ামা বলেন, ‘পুরোনো পানির পাইপ মেরামতের জন্য বড় বিনিয়োগ প্রয়োজন। এই অনুদান আমাদের জন্য আশীর্বাদ। তাই আমার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই।’
ওসাকা শহরের পানি সরবরাহ ব্যুরো বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই অনুদানের জন্য কৃতজ্ঞ। এটি জরাজীর্ণ পাইপ মেরামতের কাজে ব্যবহার করা হবে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জাপানের ২০ শতাংশেরও বেশি পানির পাইপের মেয়াদ ৪০ বছর পার হয়ে গেছে। তাই প্রায়ই শহরগুলোতে ‘সিঙ্কহোল’ বা মাটির নিচে গর্ত তৈরির ঘটনা ঘটে।
গেল বছর সাইতামা প্রিফেকচারের একটি বিশাল সিঙ্কহোলে একটি ট্রাকের ক্যাব তলিয়ে যায়, যার ফলে চালক নিহত হন। এই ঘটনার পর থেকে শহর কর্তৃপক্ষ দেশজুড়ে ক্ষতিগ্রস্ত পাইপ প্রতিস্থাপনের কার্যক্রম জোরদার করা হয়েছে। কিন্তু বাজেট সংকটের কারণে এই পাইপগুলো মেরামত করা কাজের অগ্রগতি হচ্ছিলো না । তবে এবারে প্রাপ্ত ২১ কেজির স্বর্ণের এই অনুদান দিয়ে সে কাজ করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন