Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

বিশ্বের বৃহত্তম রণতরি থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম

বিশ্বের বৃহত্তম রণতরি থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আকাশ ও সমুদ্র উভয় দিক থেকেই ইরানে সামরিক হামলা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক মার্কিন কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওয়াশিংটনের এই আক্রমণ চলমান উত্তেজনা পূর্ণমাত্রার সামরিক প্রস্তুতিতে রূপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ধেয়ে আসছে বলে শনাক্ত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, সাধারণ মানুষকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী হুমকি প্রতিহত ও নিষ্ক্রিয় করতে ইসরায়েলি বিমানবাহিনী কাজ করছে। প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অপ্রবেশযোগ্য নয়। তাই জনসাধারণের জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা কঠোরভাবে মেনে চলা অত্যন্ত জরুরি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে উল্লেখযোগ্য সামরিক শক্তি জড়ো করেছে। বিমানবাহী রণতরি, যুদ্ধবিমান, গাইডেড-ক্ষেপণাস্ত্র ধ্বংসকারীসহ বিভিন্ন সক্ষমতা মোতায়েন করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ‘একটি বিশাল নৌবাহিনী’ বলে বর্ণনা করেছেন।

এই বহরের কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্রের দুটি বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড এবং ইউএসএস আব্রাহমা লিংকন।

জেরাল্ড আর. ফোর্ড যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ও বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি। পারমাণবিক শক্তিচালিত এই ক্যারিয়ার ৭৫টির বেশি সামরিক বিমান বহন করতে সক্ষম। অত্যাধুনিক রাডার ও নেভিগেশন ব্যবস্থা একে আকাশযুদ্ধ ও সমুদ্র অভিযানে কৌশলগত সুবিধা দেয়।

অন্যদিকে আব্রাহাম লিংকনও একটি পারমাণবিক শক্তিচালিত ক্যারিয়ার। এটি প্রায় ৯০টি সামরিক বিমান বহন করতে পারে। চলতি বছরের জানুয়ারিতে এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়।

এর মধ্যেই উত্তেজনার মাত্রা আরও বেড়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ফেব্রুয়ারির শুরুর দিকে তাদের একটি যুদ্ধবিমান ইরানের একটি ড্রোন ভূপাতিত করে। দাবি করা হয়েছে, ড্রোনটি ‘আক্রমণাত্মকভাবে’ মার্কিন জাহাজের দিকে অগ্রসর হচ্ছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার