বিজ্ঞাপন
ইসরায়েলের দিকে আরও এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৯ পিএম
বিজ্ঞাপন
ইসরায়েলের দিকে আরও এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সেগুলো শনাক্ত করে প্রতিহত করার চেষ্টা করছে তেল আবিব।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
ইসলায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইরান থেকে ইসরায়েলের দিকে নতুন করে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সেগুলো শনাক্ত করে পর দেশজুড়ে বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী সেগুলো প্রতিহত করতে কাজ করছে।
এর আগে, স্থানীয় সময় শনিবার ইরানের রাজধানী তেহরানসহ অন্তত ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দপ্তরের কাছাকাছি এলাকায় আঘাত হানে। তবে, হামলার আগেই খামেনিকে ‘নিরাপদ স্থানে’ সরিয়ে নেওয়া হয়।
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পাল্টায় ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানও। ইসরায়েলের উদ্দেশ্যে এখন পর্যন্ত প্রায় ৩৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান।
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সংলাপ শুরু হয়েছিল। কিন্তু শনিবার (২৭ ফেব্রুয়ারি) জেনেভায় কোনো ধরনের সমঝোতা চুক্তি স্বাক্ষর ছাড়াই সংলাপ শেষ হয়। এর ২৪ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র-ইসরায়েল।
উল্লেখ্য, গত বছরের ১৩ জুন ইরানের পরমাণু স্থাপনা ও ড্রোন সক্ষমতাকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইল। যুক্তরাষ্ট্রও সেই অভিযানে অংশ নেয়। সেসময় ইরানের তিনটি প্রধান পরমাণু কেন্দ্রে আঘাতের দাবি করে পেন্টাগন।
১২ দিনের সংঘাত শেষে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও পারস্পরিক অবিশ্বাস চরমে পৌঁছে যায়। সেই যুদ্ধ-পরবর্তী উত্তেজনাই এ বছরের সংকটের ভিত গড়ে দেয়।
বিজ্ঞাপন