বিজ্ঞাপন
খামেনির বেঁচে থাকা নিয়ে যা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৩ পিএম
বিজ্ঞাপন
ইসরায়েলি গণমাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন—এমন জল্পনার মধ্যেই বিষয়টি নাকচ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, 'যতদূর আমি জানি, আয়াতোল্লাহ খামেনি বেঁচে আছেন।'
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইসরায়েলের চ্যানেল ১২সহ কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, হামলায় আলি খামেনি নিহত হয়ে থাকতে পারেন। চ্যানেল ১২ অজ্ঞাতনামা সূত্রের বরাতে জানায়, ৮৬ বছর বয়সী এই নেতার মৃত্যুর “ক্রমবর্ধমান ইঙ্গিত” পাওয়া যাচ্ছে। তবে একইসঙ্গে তারা উল্লেখ করে, বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
এমন প্রতিবেদনের পর মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, 'আমার জানা অনুযায়ী, তিনি জীবিত আছেন।' তার এ বক্তব্যকে কেন্দ্র করে খামেনিকে ঘিরে ছড়িয়ে পড়া গুঞ্জন অনেকটাই প্রশমিত হয়।
খবর অনুযায়ী, শনিবার ভোরে শুরু হওয়া হামলার প্রথম দিকের কয়েকটি আঘাত খামেনির কার্যালয়ের আশপাশের এলাকাকে লক্ষ্য করে চালানো হয়। তবে এর আগেই তাকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
চলমান হামলা-পাল্টা হামলার প্রেক্ষাপটে খামেনিকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য পরিস্থিতিকে আরও উত্তেজিত করে তুলেছে। তেহরান এখনো এ বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব অক্ষত রয়েছে।
বিজ্ঞাপন