বিজ্ঞাপন
ট্রাম্পকে অপসারণের ডাক দিল মার্কিন কংগ্রেসম্যানরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পিএম
বিজ্ঞাপন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপসারণের জন্য তার প্রশাসনের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। ট্রাম্পকে প্রেসিডেন্টের পদ থেকে অপসারণ করতে যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করতে বলছেন তারা। সংশোধনী অনুসারে, প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা আছে।
সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বেপরোয়া পদক্ষেপের সমালোচনা করে বেশ কয়েকজন মার্কিন কংগ্রেসম্যান রিপাবলিকান এই প্রেসিডেন্টকে সরানোর জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন।
অ্যারিজোনার কংগ্রেসম্যান ইয়াসমিন আনসারি সবশেষ ব্যক্তি যিনি ট্রাম্পের বিরুদ্ধে ২৫তম সংশোধনী প্রয়োগের আহ্বান জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ট্রাম্প একটি ভয়াবহ ও অবৈধ যুদ্ধকে আরও উসকে দিচ্ছে, ব্যাপক যুদ্ধাপরাধের হুমকি দিচ্ছে এবং ইরানে বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করছে। গত ৪৮ ঘণ্টায় তার বক্তব্য সব সীমা ছাড়িয়ে গেছে।
আগে মিনেসোটার কংগ্রেসওম্যান ইলহান ওমর ইরানে বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় বলেন, এটা ঠিক নয়। ২৫তম সংশোধনী প্রয়োগ করুন। ইমপিচ করুন। অপসারণ করুন। এই ভারসাম্যহীন উন্মাদকে পদ থেকে সরাতে হবে।
নিউ মেক্সিকোর কংগ্রেসম্যান মেলানি স্ট্যান্সবারি হ্যাশট্যাগ ব্যবহার করে বলেন, ২৫তম সংশোধনী প্রয়োগের সময় এসেছে। কংগ্রেস ও মন্ত্রিসভাকে পদক্ষেপ নিতে হবে।
ইলিনয়ের সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান জো ওয়ালশও ট্রাম্প সম্পর্কে বলেন, তিনি চিরকাল এই দেশ এবং বিশ্বের জন্য কলঙ্ক হয়ে থাকবেন। এখনই ২৫তম সংশোধনী প্রয়োগ করুন।
ডেমোক্র্যাটিক সিনেট সদস্য ক্রিস মারফিও এক্সে লেখেন, আমি যদি ট্রাম্পের মন্ত্রিসভায় থাকতাম, তাহলে ইস্টারের সময় সাংবিধানিক আইনজীবীদের সঙ্গে ২৫তম সংশোধনী নিয়ে আলোচনা করতাম। এটি সম্পূর্ণ অস্বাভাবিক ও নিয়ন্ত্রণহীন। তিনি এরই মধ্যে হাজার হাজার মানুষ হত্যা করেছেন। আরও হাজার হাজার মানুষ হত্যা করবেন।
বিজ্ঞাপন