বিজ্ঞাপন
ভিসা নিয়ে বড় দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪১ এএম
বিজ্ঞাপন
ভিসা নীতিতে বড় ধরণের কড়াকড়ি আরোপ করে নতুন এক দুঃসংবাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম গোলার্ধে যারা আমেরিকার শত্রুদের সমর্থন করবে এবং এ অঞ্চলে মার্কিন স্বার্থের পরিপন্থী কাজে লিপ্ত হবে, তাদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা সীমিত করা হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নতুন এই নীতির আওতায় ইতোমধ্যে ২৬ জন ব্যক্তির ভিসা বাতিল করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পশ্চিম গোলার্ধে মার্কিন প্রভাব পুনরুদ্ধারের যে বিশেষ পরিকল্পনা, যা তিনি ‘ডনরো ডকট্রিন’ নামে অভিহিত করেছেন, তারই অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি মূলত উনবিংশ শতাব্দীর ঐতিহাসিক ‘মনরো ডকট্রিনের’ আধুনিক সংস্করণ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বিস্তৃত ভিসা নিষেধাজ্ঞা মূলত তাদের ওপর কার্যকর হবে যারা জেনে-শুনে যুক্তরাষ্ট্রের শত্রুদের নির্দেশদাতা বা উল্লেখযোগ্য সহায়তাকারী হিসেবে কাজ করবে। এর মধ্যে রয়েছে— শত্রুপক্ষকে কৌশলগত সম্পদ ও উপকরণ অর্জনে সহায়তা করা, আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখার মার্কিন প্রচেষ্টাকে ব্যাহত করা, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত করা এবং কোনো দেশের স্থিতিশীলতা দুর্বল করতে প্রভাব বিস্তার করা।
বিবৃতিতে নির্দিষ্ট করে কোনো দেশের নাম না থাকলেও বিশ্লেষকরা মনে করছেন, লাতিন আমেরিকায় চীনের ক্রমবর্ধমান প্রভাব কমানো এবং মাদক পাচার চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতেই এই কৌশল হাতে নেওয়া হয়েছে।