Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ঢাকায় ভারতীয় হাইকমিশনার হচ্ছেন বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পিএম

ঢাকায় ভারতীয় হাইকমিশনার হচ্ছেন বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী

বিজ্ঞাপন

ভারত ও বাংলাদেশের সম্পর্ক পুনর্গঠনের প্রেক্ষাপটে ঢাকায় নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পাচ্ছেন দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বর্তমান বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন পর কোনো প্রতিবেশী দেশে রাজনৈতিক ব্যক্তিত্বকে কূটনৈতিক দায়িত্বে নিয়োগ দিচ্ছে দিল্লি। তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। উল্লেখ্য, প্রণয় ভার্মা ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে ব্রাসেলসে দায়িত্ব নিচ্ছেন।

৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদী একজন অভিজ্ঞ রাজনীতিক। তিনি ভারতের ইউপিএ সরকারের সময় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তখন তিনি তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন।

পরে ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং একই বছরের ৬ মার্চ বিজেপিতে যোগ দেন। 

তথ্য অনুযায়ী, ঢাকায় দায়িত্ব গ্রহণের আগে প্রস্তাবটি বাংলাদেশ সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে। 

ভারতীয় সূত্র বলছে, এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে যখন ঢাকা-দিল্লি সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক টানাপোড়েনে পড়ে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনের সময় সম্পর্ক আরো জটিল হয় বলেও দাবি করেছেন বিশ্লেষকরা।

নতুন এই নিয়োগকে ভারত সরকারের একটি কৌশলগত বার্তা হিসেবে দেখা হচ্ছে। এতে বলা হচ্ছে, গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশগুলোতে এখন আর শুধু পেশাদার কূটনীতিক নয়, বরং অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিদেরও রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হতে পারে। এর আগে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল দালবীর সিং সুহাগ সেশেলসে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার