বিজ্ঞাপন
ইতালির প্রধানমন্ত্রীর কানে ভারতের ২ হাজার বছরের ঐতিহ্যবাহী ঝুমকা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:২১ পিএম
বিজ্ঞাপন
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মানেই আন্তর্জাতিক রাজনীতির এক পরিচিত মুখ। কখনও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সুসম্পর্ক, আবার কখনও স্পষ্টবাদী রাজনৈতিক অবস্থানের কারণে তিনি বিশ্বজুড়ে চর্চায় থাকেন। তবে সম্প্রতি তার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট আলোচনার মোড় ঘুরিয়ে দিয়েছে সম্পূর্ণ ভিন্ন দিকে। এবার কেন্দ্রবিন্দুতে কোনো কূটনৈতিক সমীকরণ নেই, বরং সবার নজর কেড়েছে তার কানে ঝোলা একজোড়া কারুকার্য করা ‘ঝুমকা’।
জর্জিয়া মেলোনি তার পোস্টে রাজনৈতিক মেজাজে লিখেছিলেন, তিনি কোনো প্রপাগান্ডায় কান দেন না এবং ইতালির স্বার্থই তার একমাত্র লক্ষ্য। কিন্তু বার্তাটি যতটা রাজনৈতিক ছিল, নেটিজেনদের আগ্রহ ছিল ততটাই ফ্যাশনকেন্দ্রিক। মেলোনির সেই গম্ভীর ছবির সঙ্গে তার কানের ঐতিহ্যবাহী দুলজোড়ার বৈপরীত্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বিশেষ করে ভারতীয় নেটিজেনদের কাছে এটি হয়ে উঠেছে ‘পপ কালচার’-এর অংশ।
বলিউডের স্টাইলে কেউ প্রশ্ন তুলছেন ‘হোয়াট ঝুমকা?’, আবার কেউ খুঁজছেন এর উৎস।
মেলোনির এই ফ্যাশন মূলত কয়েক হাজার বছরের এক প্রাচীন সংস্কৃতির কথা মনে করিয়ে দেয়। ঝুমকার ইতিহাস বলছে, প্রায় ২,০০০ বছর আগে দক্ষিণ ভারতের চোল সাম্রাজ্যে মন্দিরের দেব-দেবীদের অলঙ্কার হিসেবে এর যাত্রা শুরু। পরে এটি ভরতনাট্যম নৃত্যশিল্পীদের সাজের অপরিহার্য অংশ হয়ে ওঠে।
ষোড়শ শতকে মুঘল আমলে পারস্যের শিল্পরীতির মিশ্রণে ঝুমকায় যুক্ত হয় মীনাকারি, কুন্দন ও পোলকির আভিজাত্য। ঘণ্টা আকৃতির এই নকশাটি মূলত মন্দিরের গম্বুজের আদলে তৈরি, যা সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত।
এক সময় যে গয়না ছিল ভারতীয় মন্দিরের সাজ বা শাস্ত্রীয় নৃত্যের অনুষঙ্গ, তা আজ গ্লোবাল ফ্যাশন আইকন। ওড়িশার তারাকশি কাজ থেকে শুরু করে দক্ষিণ ভারতের সোনার ঝুমকি—প্রতিটি ঘরানাই এখন বিশ্ব দরবারে সমাদৃত।
সূত্র : দ্য ওয়াল