Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

কী বলছেন শুভেন্দু

মমতার দুর্গে বিজেপির বাজিমাতের নেপথ্যে কী?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৪:৪১ পিএম

মমতার দুর্গে বিজেপির বাজিমাতের নেপথ্যে কী?

বিজ্ঞাপন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা এগোনোর সঙ্গে সঙ্গে বিপুলসংখ্যক আসনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শক্তিশালী অবস্থানের তথ্য সামনে আসছে। বিজেপির রাজ্য প্রধান শুভেন্দু অধিকারী সোমবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গে দলের এই বিপুল ব্যবধানে এগিয়ে থাকার রহস্যের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, হিন্দুদের ভোটের পাশাপাশি আদিবাসী সম্প্রদায় থেকেও উল্লেখযোগ্য সমর্থন পেয়েছে বিজেপি।

পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীকে বিবেচনা করা হচ্ছে। রাজ্যের ২৯৪ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য ১৪৮টি আসন প্রয়োজন। প্রাথমিক ভোট গণনায় রাজ্যের ক্ষমতায় সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত মিলছে; যেখানে ২০১১ সাল থেকে ক্ষমতায় আছেন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে শুভেন্দু অধিকারী বলেছেন, ‌‌‘‘মানুষ অপশাসনের বিরুদ্ধে ভোট দিয়েছে।’’ বিজেপি দীর্ঘদিন ধরেই বাংলায় অভাবনীয় সাফল্যের লক্ষ্য নিয়ে এগোচ্ছিল। তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সাথে দলের আদি সম্পর্কের কথা স্মরণ করে বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সময় থেকেই বিজেপি এটি করার স্বপ্ন দেখে আসছিল। কিন্তু আগে কখনও তা করতে পারেনি।

পশ্চিমবঙ্গ রাজ্যকে ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসেবে অভিহিত করেছেন শুভেন্দু। বর্তমান সরকারের মেয়াদে রাজ্যে এই পরিবর্তন ঘটছে জানিয়ে নির্বাচনী প্রচারণার নেতৃত্ব এবং কঠোর পরিশ্রমের জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কৃতিত্ব দিয়েছেন তিনি। একই সঙ্গে জনগণকেও ধন্যবাদ জানিয়েছেন রাজ্য বিজেপির এই নেতা।

সাক্ষাৎকারে তাকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করা হলে তা প্রত্যাখ্যান করেন শুভেন্দু অধিকারী। নারী ভোটারদের ভোটাধিকার প্রয়োগের ধরণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ভোট সেভাবে নারী বা পুরুষ হিসেবে ভাগ হয়নি। তিনি বলেন, হিন্দু নারীরা বিজেপিকেই ভোট দিয়েছেন।

শুভেন্দু বলেন, এবারের নির্বাচনে আদিবাসী ভোটের একটি বড় অংশ তাদের ঝুলিতে এসেছে। বিশেষ করে যেসব এলাকায় জনতাত্ত্বিক পরিবর্তন ঘটেছে, সেখানেও ভোটাররা একই ধারা বজায় রেখেছেন বলে তিনি পর্যবেক্ষণ করেছেন।

গণনার ওই পর্যায়ের আসন সংখ্যার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, আগামী দিনগুলোতে সব ঠিক হয়ে যাবে। আমরা এখন ১৮৯টি আসনে এগিয়ে আছি; যা বড় ব্যবধান। বাকিটা আমরা সামলে নেব।

তৃণমূল কংগ্রেসের ‘‘বহিরাগত-ভূমিপুত্র’’ বিতর্ককে সস্তা রাজনীতি বলে উড়িয়ে দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘বহিরাগত-ভূমিপুত্র’’ ইস্যুটি মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে সস্তা রাজনীতি। জনগণ এটি প্রত্যাখ্যান করেছে।

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর ভবানীপুরেও তাকে পরাজিত করার সম্ভাবনা এবং নিজের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার প্রশ্নে শুভেন্দু কৌশলী জবাব দিয়েছেন। তিনি বলেন, ‘‘না, আমি এই সংবেদনশীল প্রশ্নের কোনও মন্তব্য করব না। বিজেপি সম্মিলিত নেতৃত্বে বিশ্বাসী। নরেন্দ্র মোদির বলিষ্ঠ নেতৃত্বে আমরা এই লড়াই করেছি এবং ফলাফল এখন আমাদের সামনে আসছে।’’

সোমবার সকাল ৮টায় পোস্টাল ব্যালটের পর ইভিএমের ভোট গণনা শুরু হয়। প্রাথমিক ফলাফলে দেখা যায়, সীমান্তবর্তী অঞ্চল, আদিবাসী অধ্যুষিত এলাকা এবং শিল্পাঞ্চলগুলোতে বিজেপি অভাবনীয় সাফল্য পেয়েছে।

সূত্র: এনডিটিভি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার