বিজ্ঞাপন
পর্তুগালে গোল্ডেন ভিসাধারীদের জন্য বড় দুঃসংবাদ
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ১১:২৪ এএম
বিজ্ঞাপন
দক্ষিণ-পশ্চিম ইউরোপের দেশ পর্তুগালের গোল্ডেন ভিসাধারীদের জন্য বড় দুঃসংবাদ হয়ে এসেছে দেশটির নতুন জাতীয়তা আইন। নাগরিকত্ব পাওয়ার জন্য ন্যূনতম বসবাসের সময়সীমা দ্বিগুণ করায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন শত শত বিদেশি বিনিয়োগকারী।
এরই মধ্যে ৫০০ জনেরও বেশি বিনিয়োগ ভিসা বা গোল্ডেন ভিসাধারী (এআরআই) বিদেশি নাগরিক দেশটির সরকারের বিরুদ্ধে সম্মিলিতভাবে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। মূলত নতুন জাতীয়তা আইনে নাগরিকত্ব পাওয়ার জন্য অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়ায় তাদের মধ্যে এই অসন্তোষ তৈরি হয়েছে।
আন্তোনিও হোসে সেগুরোর প্রণীত নতুন আইনের বিরুদ্ধে মূলত মার্কিন নাগরিকদের নেতৃত্বে এই উদ্যোগ শুরু হলেও বিভিন্ন দেশের বিনিয়োগকারীরাও এতে যোগ দিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম এক্সপ্রেসোর তথ্যমতে, ইতোমধ্যে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সংগঠিত হয়েছেন এবং শিগগিরই একটি আনুষ্ঠানিক সমিতি হিসেবে নিবন্ধনের পরিকল্পনা করছেন।
নতুন আইনের ফলে বিদেশিদের পর্তুগিজ নাগরিকত্বের আবেদনের জন্য ন্যূনতম বসবাসের সময়সীমা দ্বিগুণ করা হয়েছে। চলতি মে মাস পর্যন্ত যেখানে পাঁচ বছর বসবাসের পর নাগরিকত্বের আবেদন করা যেত, এখন সাধারণ ক্ষেত্রে তা বাড়িয়ে ১০ বছর করা হয়েছে।
এছাড়া পর্তুগিজ ভাষাভাষী দেশ ও ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের ক্ষেত্রেও সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে সাত বছর করা হয়েছে।
এদিকে আইনের এই পরিবর্তনের ফলে অনেক বিনিয়োগকারী তাদের বসবাসের আবেদন বাতিল করছেন বলে জানা গেছে। একই সঙ্গে কয়েকটি আইনি সহায়তাকারী সংস্থা এসব গোল্ডেন ভিসাধারীর পক্ষে আইনি লড়াইয়ের পরামর্শ দিচ্ছে।
যদিও এখনও চূড়ান্ত বিধিমালার অপেক্ষায় আছেন সবাই, তবুও নিজেদের অধিকার রক্ষায় বড় ধরনের আইনি পদক্ষেপের দিকেই এগোচ্ছেন বিনিয়োগকারীরা।