বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পাকিস্তানে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে। পাকিস্তানের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি রুয়েতে হিলাল রোববার (১৭ মে) এ ঘোষণা দিয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন বলছে, করাচিতে অনুষ্ঠিত কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়। একই সময়ে ইসলামাবাদ, লাহোর, কোয়েটা ও পেশোয়ারেও আঞ্চলিক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে রুয়েতে হিলাল কমিটির চেয়ারম্যান মাওলানা আবদুল খাবির আজাদ বলেন, ‘দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার ছিল, যদিও কিছু স্থানে মেঘ ছিল।’
তিনি বলেন, ‘করাচিসহ সিন্ধুর বিভিন্ন শহর, মারদান, রাওয়ালপিন্ডি, পেশোয়ার এবং আরও কয়েকটি এলাকা থেকে চাঁদ দেখার সাক্ষ্য পাওয়া গেছে।’
এর আগে পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) পূর্বাভাস দিয়েছিল, ১৭ মে রাত ১টা ১ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংস্থাটি জানায়, ওই দিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩০ মিনিট। এছাড়া দেশের উপকূলীয় অঞ্চলে সূর্যাস্ত ও চাঁদাস্তের মধ্যে প্রায় ৬০ মিনিটের ব্যবধান থাকবে।
ফলে ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে এবং ২৭ মে দেশে ঈদুল আজহা উদযাপিত হবে বলে জানায় সুপারকো।