বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জানাজার মাধ্যমে একজন মুসলিম তার পরিচিত, প্রিয়জনকে শেষ বিদায় জানিয়ে থাকেন। হাদিসে জানাজা নামাজে অংশগ্রহণ করতে উৎসাহিত করা হয়েছে। এক হাদিসে নবী কারিম (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে, সে এক ‘কিরাত’ পরিমাণ নেকি লাভ করে আর যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে এবং তার দাফনের কাজে অংশগ্রহণ করে, সে দুই ‘কিরাত’ পরিমাণ সওয়াব লাভ করে।
কোনো এক সাহাবি প্রশ্ন করল, ‘হে আল্লাহর রাসুল! দুই কিরাত কী?’ নবী কারিম (সা.) বললেন, ‘দুই কিরাতের ক্ষুদ্রতম কিরাত ওহুদ পাহাড়ের সমান।’ -ইবনে কাসির
জানাজার নামাজে সাধারণত পুরুষরা অংশগ্রহণ করেন। জানাজায় নারীদের অংশগ্রহণ করতে দেখা যায় না। ইসলামের দৃষ্টিতে জানাজার নামাজ আদায়, মৃতের খাটিয়া বহন এবং এ সংক্রান্ত সমস্ত দায়িত্ব পুরুষের জন্য নির্ধারিত।
নারীর জন্য জানাজার সঙ্গে চলা বা কবরস্থানে বারবার যাতায়াত করা মাকরূহ।
ইসলামের বিধানে নারীদের জন্য জানাজার নামাজে বের হওয়া জায়েজ নয়। নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা-তাবেয়িন থেকে এ ব্যাপারে সুস্পষ্ট নিষেধাজ্ঞা আছে। তাবেয়ি যার ইবনে আবদুল্লাহ (রহ.) বলেন, হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সঙ্গে ছিলেন। হঠাৎ দেখলেন একজন বৃদ্ধ নারীও জানাজার সঙ্গে সঙ্গে আসছে। এটা দেখে হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রোধান্বিত হলেন এবং তার মুখমণ্ডলে ক্রোধের ছাপ ফুটে উঠল। তখন তার নির্দেশে ওই বৃদ্ধাকে ফিরিয়ে দেওয়া হল। এরপর খাটিয়া রাখা হলো কিন্তু তিনি জানাজা শুরু করলেন না। যখন লোকেরা বলল, ওই সত্তার শপথ যিনি আপনাকে হক (সত্য)সহ প্রেরণ করেছেন ওই নারী শহরের বাড়িঘরের আড়াল হয়ে গেছে, তখন তিনি জানাজার তাকবির বললেন। -মুসান্নাফে আবদুর রাজ্জাক: ৬২৯০
উম্মে আতিয়্যা (রা.)-এর বর্ণনায় এসেছে, তিনি বলেন, হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাজায় বের হতে নিষেধ করেছেন। -আল মুজামুল কাবির তাবারানি: ২৫/৪৫
হজরত আমর ইবনে কায়স (রহ.) বলেন, ‘আমরা এক জানাজায় উপস্থিত ছিলাম। আবু উমামাও সেখানে ছিলেন। তিনি দেখলেন জানাজায় কিছু নারীও এসেছে। তখন তিনি তাদের সরিয়ে দিলেন।’ -মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১১৪০৮
মুহাম্মাদ ইবনুল মুনতাশির (রহ.) বলেন, ‘মাসরূক (রহ.) ওই জানাজা পড়তেন না, যে জানাজায় কোনো নারী উপস্থিত আছে।’ -মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১১৪০৩
শাবি (রহ.)-কে জিজ্ঞাসা করা হলো, নারীরা কি জানাজার নামাজ পড়বে? উত্তরে তিনি বললেন, না, নারী জানাজার নামাজ পড়বে না, চাই সে পবিত্র হোক কিংবা ঋতুমতি। -মুসান্নাফে আবদুর রাজ্জাক: ৬২৯৭
নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরোল্লেখিত হাদিস এবং সাহাবা-তাবেয়িনের আছার (কাজকর্ম, অনুমোদন) থেকে একথা স্পষ্ট যে, নারীদের জন্য জানাজার উদ্দেশ্যে বের হওয়া জায়েজ নয়।
নানাজন নানা ব্যাখ্যা করে ইনিয়ে-বিনিয়ে লাশের সঙ্গে নারীদের যাওয়ার পক্ষে মত দেন। কিন্তু ইসলাম নারীদের জানাজার (শবযাত্রায় কিংবা লাশের) সঙ্গে চলার বা যাওয়ার অনুমতি দেয় না।
নারীরা ঘরে থেকেই মৃতের জন্য ঈসালে সওয়াব ও মাগফিরাতের দোয়া করবে।
বিজ্ঞাপন