Logo
Logo
×

বিজ্ঞাপন

ইসলাম

কবে থেকে শুরু পবিত্র রমজান, কী বলছে সৌদি ক্যালেন্ডার

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৪ এএম

কবে থেকে শুরু পবিত্র রমজান, কী বলছে সৌদি ক্যালেন্ডার

বিজ্ঞাপন

সৌদি আরবে প্রচলিত দাপ্তরিক হিজরি ক্যালেন্ডার উম্ম আল-কুরা ক্যালেন্ডার অনুযায়ী বুধবার (১৮ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের প্রথম দিন হতে পারে। তবে জ্যোতির্বিদদের একাংশ বলছেন, ওই সময় নতুন চাঁদ দেখা বৈজ্ঞানিকভাবে সম্ভব নয়—এ নিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ভিন্নমতের জল্পনা তৈরি হয়েছে।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান সংস্থা জানিয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যের কোথাও নতুন চাঁদ দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (এসএএএসএসটি) জানিয়েছে, ওই দিন চাঁদ দেখা ‘বৈজ্ঞানিকভাবে অসম্ভব’।

আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক মোহাম্মদ ওদেহও একই মত দিয়েছেন। তার মতে, ১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখার কোনো দাবি উঠলে তা ভুল পর্যবেক্ষণ হিসেবে বিবেচিত হবে। যুক্তরাজ্যের নিউ ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ইমাদ আহমেদও বলেছেন, ওই দিন এশিয়া, আফ্রিকা, ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোথাও চাঁদ দেখা সম্ভব নয়।

তবে সৌদি আরব দীর্ঘদিন ধরে তাদের সরকারি উম্ম আল-কুরা ক্যালেন্ডারের ভিত্তিতে রমজান ও ঈদের তারিখ ঘোষণা করে আসছে। অতীতেও জ্যোতির্বিজ্ঞানীদের আপত্তি থাকা সত্ত্বেও সৌদি কর্তৃপক্ষ চাঁদ দেখার ঘোষণা দিয়েছে—এমন নজির রয়েছে।

এদিকে ওমান ইতোমধ্যে জানিয়েছে, মঙ্গলবার চাঁদ দেখা সম্ভব নয়। ফলে সৌদি আরব ক্যালেন্ডার অনুযায়ী রমজান শুরু ঘোষণা করলে সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য উপসাগরীয় দেশগুলো তা অনুসরণ করবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, সৌদি আরবের ঘোষণার ওপর নির্ভর করে মধ্যপ্রাচ্যের অনেক দেশ রমজান শুরুর দিন নির্ধারণ করে থাকে। ফলে এ বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত হলে অঞ্চলজুড়ে বিভ্রান্তি তৈরি হতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার