Logo
Logo
×

বিজ্ঞাপন

ইসলাম

সদকাতুল ফিতরের টাকার পরিমাণ

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৬ পিএম

সদকাতুল ফিতরের টাকার পরিমাণ

বিজ্ঞাপন

ইসলামি শরিয়তে ফিতরা দেওয়া ওয়াজিব। রাসুল (সা.) বলেছেন, দুটি কারণে সাদাকাতুল ফিতরকে উম্মতের জন্য ওয়াজিব করা হয়েছে। এক.অশ্লীল কথা ও অর্থহীন কাজ হতে মাহে রমজানের সাওমকে পবিত্র করার জন্য। দুই. গরিব-মিসকিনদের খাবারের ব্যবস্থা করার জন্য। (সুনানে আবু দাউদ : ১৬০৯)

কাদের ওপর ফিতরা ওয়াজিব?

যেসব মুসলিম নর-নারীর মালিকানায় মৌলিক প্রয়োজনের অতিরিক্ত সাড়ে বায়ান্ন তোলা রুপার মূল্য সমপরিমাণ সম্পদ রয়েছে, তাদের ওপর সাদাকাতুল ফিতর ওয়াজিব। সাদাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য সুস্থ মস্তিষ্কসম্পন্ন অথবা বুঝমান-বালেগ হওয়া কিংবা মুকিম হওয়া শর্ত নয়। অবুঝ-নাবালেগ, মুসাফির এবং মানসিক ভারসাম্যহীন ব্যক্তিও নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে তাদের ওপরও সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে।

হাদিসে নবীজি (সা.) ছোট-বড় সকলের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায়ের নির্দেশ দিয়েছেন। নাবালেগ, মানসিক ভারসাম্যহীনের সম্পদ থেকে তার অভিভাবক সদকায়ে ফিতর আদায় করবেন। (রদ্দুল মুহতার : ২/৩৫৯)

সদকাতুল ফিতরের টাকার পরিমাণ

ফিতরা কী, কাদের ওপর ওয়াজিব? জানুন বিস্তারিত

ফিতরা আদায়ের নিয়ম

সদকাতুল ফিতর সম্পর্কিত হাদিসগুলো পর্যালোচনা করলে স্পষ্ট হয় যে, কিসমিস, গম, পনির, খেজুর ও যব দ্বারা সদকাতুল ফিতর আদায় করা যাবে। উল্লিখিত পাঁচ প্রকারের মধ্য থেকে যব, খেজুর, কিশমিশ ও পনির দ্বারা সদকাতুল ফিতর আদায় করতে চাইলে ‘এক সা’ করে দিতে হবে।

গ্রাম হিসেবে ‘এক সা’ দ্বারা যব ৩ কেজি ২৭১ গ্রাম, খেজুর ৩ কেজি ২৭১ গ্রাম, কিশমিশ ৩ কেজি ২৭১ গ্রাম এবং পনির ৩ কেজি ২৭১ গ্রাম হয়। তবে গম (ময়দা/আটা) দ্বারা আদায় করতে চাইলে ‘আধা সা’ দিতে হবে। গ্রাম হিসেবে ‘আধা সা’ দ্বারা- ময়দা/আটা ১ কেজি ৬৩৬ গ্রাম হয়।

১ সা = ২৮০.৫০ তোলা, আর ১ তোলা = ১১.৬৬ গ্রাম (প্রায়)। অতএব, ১ সা = ৩২৭০.৬০ গ্রাম (প্রায়)। অর্থাৎ ৩ কেজি ২৭০ গ্রামের কিছু বেশি। উপরে সতর্কতামূলক ৩ কেজি ২৭১ গ্রাম ধরা হয়েছে।

আর আধা সা = ১৬৩৫.৩১৫ গ্রাম বা ১.৬৩৫৩১৫ কেজি (প্রায়)। অর্থাৎ ১ কেজি ৬৩৫ গ্রামের কিছু বেশি। উপরে সতর্কতামূলক ১ কেজি ৬৩৬ গ্রাম ধরা হয়েছে।)

সহিহ বোখারি গ্রন্থে উল্লেখ রয়েছে,

أبو سعيد الْخُدْرِيّ يَقُولُ كُنَّا نُخْرِجُ زَكَاةَ الْفِطْرِ صَاعًا مِنْ طَعَامٍ أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ أَوْ صَاعًا مِنْ تَمْرٍ أَوْ صَاعًا مِنْ أَقِطٍ أَوْ صَاعًا مِنْ زَبِيبٍ

অর্থ : হজরত আবু সাঈদ খুদরি (রাজি.) হতে বর্ণিত, তিনি বলেন, আমরা এক সা পরিমাণ খাদ্য অথবা এক সা পরিমাণ যব অথবা এক সা পরিমাণ খেজুর অথবা এক সা পরিমাণ পনির অথবা এক সা পরিমাণ কিশমিশ দিয়ে সদকাতুল ফিতর আদায় করতাম। (বোখারি : ১৫০৬)

হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাজি.) থেকে বর্ণিত, তিনি রমজানের শেষ দিকে বসরার মিম্বারে খুতবা দানকালে বলেছেন,

أَدُّوا زَكَاةَ صَوْمِكُمْ فَجَعَلَ النَّاسُ يَنْظُرُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ فَقَالَ مَنْ هَاهُنَا مِنْ أَهْلِ الْمَدِينَةِ قُومُوا إِلَى إِخْوَانِكُمْ فَعَلِّمُوهُمْ فَإِنَّهُمْ لَا يَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَضَ صَدَقَةَ الْفِطْرِ عَلَى الصَّغِيرِ وَالْكَبِيرِ وَالْحُرِّ وَالْعَبْدِ وَالذَّكَرِ وَالْأُنْثَى نِصْفَ صَاعِ بُرٍّ أَوْ صَاعًا مِنْ تَمْرٍ أَوْ شَعِيرٍ.

অর্থ : তোমরা নিজ নিজ সাদকাতুল ফিতর আদায় করো। তখন লোকজন একে অপরের দিকে তাকাতে লাগল। ইবনে আব্বাস (রাজি.) বললেন, এখানে মদিনার অধিবাসী কে কে আছ? তোমরা তোমাদের সাথীদের কাছে গিয়ে তাদেরকে শিক্ষা দাও। কেননা তারা জানে না যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক অপ্রাপ্ত বয়স্ক, প্রাপ্ত বয়স্ক, স্বাধীন, গোলাম, পুরুষ এবং মহিলার ওপর অর্ধ সা করে গম অথবা এক সা করে খেজুর বা যব সদকাতুল ফিতর স্বরূপ ওয়াজিব করেছেন। {আবু দাউদ : ১৬২২, নাসায়ি : ২৫১৫ (প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা ইবনে আবদুল হাদি আল হানবলি বলেন, হাদিসটির সকল রাবি প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য। আল্লামা জাহাবি রাহি. বলেছেন, হাদিসটির সনদ শক্তিশালী)}

সুনানে তিরমিজি গ্রন্থে উল্লেখ রয়েছে,

أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مُنَادِيًا فِي فِجَاجِ مَكَّةَ: أَلَا إِنَّ صَدَقَةَ الْفِطْرِ وَاجِبَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ ذَكَرٍ أَوْ أُنْثَى حُرٍّ أَوْ عَبْدٍ صَغِيرٍ أَوْ كَبِيرٍ مُدَّانِ مِنْ قَمْحٍ أَوْ سِوَاهُ أَوْ صَاع من طَعَام .

অর্থ : হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাজি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ঘোষক প্রেরণ করলেন, সে যেন মক্কার পথে পথে এ ঘোষণা করে যে, জেনে রেখো! প্রত্যেক মুসলিম নর-নারী, গোলাম-স্বাধীন, ছোট-বড় প্রত্যেকের ওপর সদকাতুল ফিতর অপরিহার্য। দুই মুদ (আধা সা) গম কিংবা এক সা অন্য খাদ্য। {তিরমিজি : ৬৭৪ (ইমাম তিরমিজি রাহি. বলেন, হাদিসটি হাসান)}

মুসনাদে আহমদ গ্রন্থে উল্লেখ রয়েছে,

عن فاطِمَةَ بِنْتِ المُنذِرِ، عَنْ أَسمَاءِ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُما، قَالَتْ: كُنَّا نُؤَدِّي زَكَاةَ الفِطْرِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُدَّيْنِ مِنْ قَمْحٍ، بِالْمِدِّ الَّذِي تَقْتَاتُونَ بِهِ.

অর্থ : হজরত ফাতেমা বিনতে মুনজির রাহি. থেকে বর্ণিত, হজরত আসমা বিনতে আবু বকর রাজি. বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জামানায় সদকাতুল ফিতর আদায় করতাম এমন দুই মুদ (আধা সা) গম দ্বারা যে মুদ (পাত্র) দ্বারা তোমরা খাদ্যবস্তু গ্রহণ করে থাকো। (মুসনাদে আহমদ : ২৭৪৭৫)

মুসান্নাফে আবদুর রাজ্জাক গ্রন্থে উল্লেখ রয়েছে, হজরত মামার (রাহি.) বলেন,

بَلَغَنِي أَنْ أَبَا بَكْرٍ أَخْرَجَ زَكَاةَ الفِطْرِ مِدَّيْنِ.

অর্থ : আমার কাছে তথ্য পৌঁছেছে, হজরত আবু বকর সিদ্দিক রাজি. দুই মুদ (আধা সা দ্বারা) সদকাতুল ফিতর আদায় করেছে। (মুসান্নাফে আবদুর রাজ্জাক : ৩/৩১৬)

সদকাতুল ফিতরের টাকার পরিমাণ

১. আটা প্রতি কেজি ৬০ টাকা করে হলে একজনের সদকাতুল ফিতর হবে ৯৮.১৬ টাকা।

২. কিশমিশ প্রতি কেজি ৫৫০ টাকা করে হলে একজনের সদকাতুল ফিতর হবে ১,৭৯৯.০৫ টাকা।

৩. পনির প্রতি কেজি ১,৫০০ টাকা করে হলে একজনের সদকাতুল ফিতর হবে ৪,৯০৬.৫ টাকা।

৪. খেজুর প্রতি কেজি ৩০০ টাকা করে হলে একজনের সদকাতুল ফিতর হবে ৯৮১.৩ টাকা।

৫. যব প্রতি কেজি ১৩৫ টাকা করে হলে একজনের সদকাতুল ফিতর হবে ৪৪১.৫৮৫ টাকা।

লেখক : মুহতামিম, জামিয়াতুল কোরআন, ঢাকা

সাবেক কেন্দ্রীয় সভাপতি, ছাত্র জমিয়ত বাংলাদেশ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার