Logo
Logo
×

বিজ্ঞাপন

ইসলাম

রুটিওয়ালার সিক্রেট দোয়া— যে দোয়ায় সব পাওয়া যায়

Icon

ইসলাম ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩২ এএম

রুটিওয়ালার সিক্রেট দোয়া— যে দোয়ায় সব পাওয়া যায়

বিজ্ঞাপন

আজ আরেকটা সিক্রেট বলি। দোয়া কবুলের সিক্রেট। ইমাম আহমাদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ একবার এক শহরে গেলেন। সেখানে যেতে যেতে রাত হয়ে যায়। তিনি একটা মসজিদে শুয়ে পড়লেন। কিন্তু মসজিদের দারোয়ান এসে ইমামকে না চিনে মসজিদ থেকে বের হয়ে যেতে বলে। কিন্তু ইমাম অনুরোধ করলেন রাতটা কাটাতে দেওয়ার। সে শুনল না। এমনকি ইমাম আহমাদকে টেনেহিঁচড়ে মসজিদ থেকে বের করে মসজিদে তালা লাগিয়ে দিলো।

অগত্যা তিনি এক রুটির দোকানে গিয়ে দোকান মালিকের কাছে অনুমতি চেয়ে সেখানে শুয়ে পড়লেন। ইমাম আহমাদ ইবনে হাম্বল হঠাৎ খেয়াল করলেন রুটিওয়ালা প্রত্যেকটা রুটি বেলে হাতে থাবা দিয়ে তন্দুরে লাগাতে লাগাতে বলছে—

  اَسْتَغْفِرُ اللّٰهَ - আস্তাগফিরুল্লাহ! اَسْتَغْفِرُ اللّٰهَ - আস্তাগফিরুল্লাহ! 

ইমাম আহমাদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ অবাক হলেন। যদিও তিনি এই হাদিস জানেনই যে ইস্তিগফার পড়লে শুধু গুনাহ মাফ হয় তা না। ছোট-বড় যাবতীয় দোয়াও কবুল হয়। তাই তিনি তাকে জিজ্ঞাসা করলেন— তোমাকে দেখলাম অনেক ইস্তিগফার পড়ছো। ভাই! তুমি কি তোমার অত্যাধিক ইস্তিগফারের ফসল পেয়েছো?

রুটিওয়ালা খুবই সাধারণ ভঙ্গিতেই উত্তর দিলো— হ্যাঁ জনাব! আমি যত দোয়া করেছি এই পর্যন্ত সব দোয়াই আল্লাহ তাআলা কবুল করেছেন। শুধু একটা দোয়া পূরণ হওয়া এখনো বাকী।

ইমাম জানতে চাইলেন: কী সেই দোয়া?

এরপর রুটিওয়ালা যা বলল তা পড়ে আমি আম্মারুল হক ‘আল্লাহু আকবার’ বলে বসা থেকে দাঁড়িয়ে গেছি।

রুটিওয়ালা কী বললেন জানেন? সে বলল— সেই দোয়াটা হলো— ইমাম আহমাদ ইবনে হাম্বলকে যেন আল্লাহ পাক আমার এই দুই চোখ দিয়ে দেখায়।

ইয়া সুবহান! আল্লাহু আকবার! ইমাম বললেন— আমিই আহমাদ ইবনে হাম্বল। 

আরও পড়ুন
আল্লাহ তাআলা তার এক রুটিওয়ালা বান্দার ইস্তিগফারের পুরষ্কার দিয়ে তার দোয়া কবুল করাতে কি আয়োজনটাই না করলেন! খোদ ইমাম আহমাদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহকে সেই শহরে এনে মসজিদ থেকে দারোয়ানকে দিয়ে বের করিয়ে রুটিওয়ালার দোকানে এনে শোয়ালেন। সুবহানাল্লাহ! চিন্তা করা যায়! 

এজন্যই তো রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

مَن لَزِمَ الاستغفارَ ، جعل اللهُ له من كلِّ ضِيقٍ مَخْرَجًا ، ومن كلِّ هَمٍّ فَرَجًا، ورَزَقَهُ من حيثُ لا يَحْتَسِبُ

‘যে ব্যক্তি ইস্তিগফারকে আবশ্যিক করে নেবে আল্লাহ তাআলা তাকে সমস্ত পেরেশানি থেকে উদ্ধার করবেন। সমস্ত দুশ্চিন্তা থেকে শান্তি দেবেন। এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে ধারণাও করে না।’ (আবু দাউদ ১৫১৮)

এবার বলুন কার কী চাওয়ার আছে আল্লাহর কাছে। ইস্তিগফার করবেন না?

হ্যাঁ, ইস্তিগফারই সেই দোয়া। নিরলস যে দোয়ায় পূরণ হবে মানুষের মনের সব আশা। আসুন, বেশি বেশি ইস্তিগফার করি। পড়ি— اَسْتَغْفِرُ اللّٰهَ - আস্তাগফিরুল্লাহ! اَسْتَغْفِرُ اللّٰهَ - আস্তাগফিরুল্লাহ! আল্লাহ তাআলা কবুল করুন। আমিন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার