Logo
Logo
×

বিজ্ঞাপন

ইসলাম

ঈদের চাঁদ আজ দেখা যাবে কি না, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৬:২০ পিএম

ঈদের চাঁদ আজ দেখা যাবে কি না, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

বিজ্ঞাপন

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আজ (বুধবার) সন্ধ্যায় সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করা হবে। আজ এসব দেশে রমজানের ২৯তম দিন।

সৌদি আরব ও আরব আমিরাত ছাড়াও বাহরাইন, কুয়েত, ইয়েমেন, ফিলিস্তিন, লেবানন, সুদান এবং ইরাকের একাংশ আজ সূর্যাস্তের পর পশ্চিম আকাশে শাওয়ালের নতুন চাঁদের সন্ধান করবে।

বুধবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

জ্যোতির্বিজ্ঞানের গাণিতিক হিসাব অবশ্য ভিন্ন কথা বলছে। তাদের মতে, আজ বিশ্বের কোথাও চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ, কারণ চাঁদ আজ সূর্যাস্তের আগেই দিগন্তে অস্ত যেতে পারে। পূর্বদিকের দেশগুলোতে আজ চাঁদ দেখা প্রায় অসম্ভব এবং মধ্যবর্তী দেশগুলোতেও এটি দেখা অত্যন্ত কঠিন হবে বলে জানানো হয়েছে।

তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, ইরান এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে বৃহস্পতিবার (১৯ মার্চ) হবে ২৯ রমজান। ফলে এসব দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই অনুযায়ী, এশিয়াসহ এসব অঞ্চলে শুক্রবার বা শনিবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

বর্তমানে মুসলিম বিশ্বে ঈদের তারিখ নির্ধারণে প্রাচীন খালি চোখে চাঁদ দেখার প্রথার পাশাপাশি আধুনিক জ্যোতির্বিজ্ঞানের হিসাবকেও গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। আজ মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা না গেলে এসব দেশেও শুক্রবার ঈদ হওয়ার সম্ভাবনা জোরালো হবে।

এদিকে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। স্থানীয় ও আন্তর্জাতিক চন্দ্র পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর সঙ্গে সতর্ক আলোচনার পর এই তারিখ নির্ধারণ করা হয়।

অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল নিশ্চিত করেছে, ১৪৪৭ হিজরির রমজান মাস ১৯ মার্চ (বৃহস্পতিবার) শেষ হবে এবং ২০ মার্চ (শুক্রবার) হবে ঈদুল ফিতরের প্রথম দিন ও ১৪৪৭ হিজরির শাওয়াল মাসের সূচনা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার