বিজ্ঞাপন
নাহিদের প্রার্থিতা স্থগিতে রিট, যে দেশের নাগরিক দাবি
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম
বিজ্ঞাপন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। দ্বৈত নাগরিকের অভিযোগ তুলে সোমবার (৯ ফেব্রুয়ারি) এ রিট করেন ঢাকা-১১ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী শামীম আহমেদ। রিটে নির্বাচন কমিশন সচিব, রিটার্নিং কর্মকর্তা ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।
আইনজীবী মোহাম্মদ মজনু মোল্যা এসব তথ্য নিশ্চিত করেছেন। রিট আবেদনে বলা হয়, ২০২৫ সালের ২০ এপ্রিল নাহিদ ইসলাম ডোমিনিকার নাগরিকত্ব নেন।
বিচারপতি ফাতেমা নজিবুর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১, ২২, ৩৭, ৩৮,৩৯, ৪০, ৪১ ও ৪২ এবং সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১১ আসন। এ আসনে মোট ভোটার চার লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ২২ হাজার ৮৭৭ জন। নারী ভোটার দুই লাখ ১৬ হাজার ১৯৮ জন। তৃতীয় লিঙ্গের তিন জন ভোটার রয়েছেন।
ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম। তার প্রার্থিতা বাতিলে হাইকোর্টে আবেদন করেছিলেন নাহিদ। সেটি খারিজ হলে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করেন এনসিপির আহ্বায়ক।
বিজ্ঞাপন