বিজ্ঞাপন
যুক্তরাজ্যে গ্রেফতার বাংলাদেশি কূটনীতিক ফয়সাল আহমেদের জামিন
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ এএম
বিজ্ঞাপন
রাশিয়ার মস্কো দূতাবাস থেকে ‘স্ট্যান্ড রিলিজ’ হওয়া বাংলাদেশি কূটনীতিক ফয়সাল আহমেদ শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। হামলা ও ধর্ষণের হুমকির অভিযোগে গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে তাকে গ্রেফতার করে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ।
জানা গেছে, বার্মিংহামের সলিহুল এলাকায় অবস্থানকালীন বাড়ির মালিকের সঙ্গে জানালা মেরামত নিয়ে তর্কের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ এক ই-মেইল বার্তায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, ১৬ ডিসেম্বর সলিহুলের একটি ঠিকানা থেকে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে এক ব্যক্তিকে শারীরিক হামলা ও ধর্ষণের হুমকির অভিযোগ রয়েছে। তবে তদন্ত চলাকালীন সময়ে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
বাড়ির মালিকের ভাষ্যমতে, প্রায় তিন সপ্তাহ আগে বাসার একটি জানালার কাচ ভেঙে যায়। ভাড়াটিয়ার স্বামী হিসেবে ফয়সাল আহমেদকে সেটি মেরামতের অনুরোধ জানান বাড়ির মালিক। মেরামত খরচ নিয়ে আলোচনা চলাকালীন মিস্ত্রি পরামর্শ দেন সম্পূর্ণ জানালা পরিবর্তনের। এই খরচ ভাগ করে নেওয়া নিয়ে দ্বিমত পোষণ করেন ফয়সাল আহমেদ।
অভিযোগ রয়েছে, এই ঘটনার পর ফয়সাল আহমেদ বাড়ির মালিককে একাধিক রূঢ় ও হুমকিমূলক বার্তা পাঠান। সেখানে বন্দুকের গুলি ও সহিংসতার ইঙ্গিত ছিল বলে দাবি করেছেন অভিযোগকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিষয়টি পুলিশকে জানানো হয়।
ফয়সাল আহমেদ এর আগে রাশিয়ার মস্কোতে বাংলাদেশ দূতাবাসে ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ হিসেবে কর্মরত ছিলেন। তবে প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গ ও সহকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে গত ২৭ মে তাকে ‘স্ট্যান্ড রিলিজ’ বা তাৎক্ষণিক প্রত্যাহার করে ঢাকায় ফেরার নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে তিনি দেশে না ফিরে কূটনৈতিক পাসপোর্টের সুবিধা ব্যবহার করে যুক্তরাজ্যে চলে যান। তার স্ত্রী ২০১৭ সাল থেকেই বার্মিংহামের ওই বাসায় বসবাস করছেন বলে জানা গেছে।
লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামের বরাত দিয়ে হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক এই কূটনীতিক বর্তমানে জামিনে মুক্ত আছেন।
একটি সুত্রে জানা গেছে, ফয়সাল আহমেদ পারিবারিক সংকটসহ নানা বিষয়ে মানসিকভাবে দীর্ঘদিন ধরে বিপর্যন্ত।
বিজ্ঞাপন