Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টা কি পদত্যাগ করছেন?

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:১০ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা কি পদত্যাগ করছেন?

বিজ্ঞাপন

ইনকিলাব মঞ্চের ২৪ ঘণ্টা আলটিমেটামের শেষ সময়ে এসে আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা কি পদত্যাগ করছেন? এদিকে বিকাল থেকেই সচিবালয়ে গুজব ছড়িয়ে পড়ে যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করেছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি পদত্যাগ করবেন না বলেই জানা গেছে। মন্ত্রণালয়ের একটি সোর্স স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের বিষয়ে ছড়িয়ে পড়া খবরকে গুজব বলে জানিয়েছেন। 

গতকাল শনিবার ওসমান হাদির জানাজা ও দাফন শেষে হাদি চত্বরে এসে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে ওসমান হাদির খুনিদের গ্রেফতার করতে না পারা ও সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য ইনকিলাব মঞ্চ স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল। 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল সংগঠনটি।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে হাদির দাফন শেষে রাজধানীর শাহবাগে জড়ো হয়ে এমন ঘোষণা দেওয়া হয়েছে। একইসঙ্গে হাদির হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে শিক্ষার্থী-জনতার অংশগ্রহণে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদির মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ ব্যর্থতার বহিঃপ্রকাশ। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগের আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে শিক্ষার্থী-জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়।

এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতাসহ হাদির পরিবার-পরিজন উপস্থিত ছিলেন।

দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। লাখো মানুষের উপস্থিতিতে জানাজা পড়ান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার