বিজ্ঞাপন
কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম
বিজ্ঞাপন
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকায় রিমান্ডে নেওয়ার পথে ওয়াসিকুর রহমান বাবু (৪৩) নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওয়াসিকুর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামের এনায়েতুর রহমানের ছেলে। তিনি রাজধানীর বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি। সর্বশেষ একই থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন তিনি।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার আল মামুন জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ওয়াসিকুরের। সোমবার দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
কারাগার সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পান্থপথ এলাকায় ঝটিকা মিছিল করার সময় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হন ওয়াসিকুর। ২৭ সেপ্টেম্বর তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এ স্থানান্তর করা হয়।
ওই মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতে নিতে গতকাল রোববার বিকেলে বাড্ডা থানা পুলিশের একটি দল কারাগারে আসে। পুলিশের কাছে হস্তাস্তরের জন্য বিকেল সোয়া ৪টার দিকে তাকে কারাগারের অফিস কক্ষে (ভর্তি শাখায়) এনে চেয়ারে বসানো হয়। এ সময় হঠাৎ চেয়ার থেকে ঢলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
জেল সুপার আল মামুন জানান, ওয়াসিকুর রহমান বাবুর বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় দুটি হত্যা ও কলাবাগান থানায় একটি সন্ত্রাস দমন আইনে হওয়া মামলাসহ মোট তিনটি মামলা ছিল। ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন