বিজ্ঞাপন
মেডিকেলে চান্স পাওয়া জান্নাতের লেখাপড়ার দায়িত্ব নিলেন তারেক রহমান
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম
বিজ্ঞাপন
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কৈইয়াজলা গ্রামের আনসার আলী ভুঁইয়া বাড়ির মৃত আব্দুল ওয়াদুদ ও শাহিদা আক্তার দম্পতির বড় মেয়ে জান্নাতুল আরফিন এ বছর সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তাঁর এই সাফল্যে আনন্দিত শিক্ষক ও এলাকাবাসী। তবে অর্থাভাবে পরবর্তী খরচ চালানোর বিষয়ে দুশ্চিন্তায় রয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাতুল আরফিন ও পরিবার। ইতিমধ্যে বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি পরিবারের পাশে দাঁড়িয়ে জান্নাতের লেখাপড়া দায়িত্ব নেন।
এ উপলক্ষে সেনবাগের ডমুরুয়া ইউনিয়নে কৈয়াজলায় জান্নাতুল আরফিনের গ্রামের বাডিতে সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩ টায় তারেক রহমানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চীফহুইপ জয়নুল আবদিন ফারুক।
এসময় উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য সচিব শহিদ উল্লাহ, বিএনপি নেতা মিয়া মোহাম্মদ ইলিয়াস, বাহার উল্লাহ বাহার, মহিলাদল নেত্রী সুফিয়া আক্তারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী।
তারেক রহমানের মহতি উদ্যোগে দারুণ খুশি শিক্ষার্থী পরিবার ও এলাকাবাসী।
জান্নাতুল আরফিন তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি যেন লেখাপড়া করে তারেক রহমানের মতো মানবিক মানুষ হয়ে জনগণকে স্বাস্থ্যসেবা দিয়ে জনকল্যাণে কাজ করতে পারেন এজন্য সকলের নিকট দোয়া চান।
জানা গেছে, জান্নাতুল আরফিন সেনবাগের ডমুরুয়া ইউনিয়নের গাজীরহাট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেন। এবং জিয়া মহিলা কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন।
বিজ্ঞাপন