বিজ্ঞাপন
রাজধানীতে শীতের দাপট, তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রিতে
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ পিএম
বিজ্ঞাপন
রাজধানী ঢাকায় শীতের প্রকোপ দিন দিন বাড়ছে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়ার প্রবাহ অব্যাহত থাকায় ঢাকাসহ আশপাশের এলাকায় তাপমাত্রা কমে গেছে। আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় আনুমানিক ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৫ শতাংশ। গতকাল রাজধানীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪০ মিনিটে।
অন্যদিকে, সারা দেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল পর্যন্ত বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এর ফলে সড়ক ও অভ্যন্তরীণ নৌ চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। পাশাপাশি কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে এবং শীতের অনুভূতিও আরও বাড়তে পারে।
বিজ্ঞাপন