বিজ্ঞাপন
ভারত এখন মুসলিম পিটিয়ে মারার দেশ: মেহবুবা মুফতির কন্যা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম
বিজ্ঞাপন
ভারতের ওড়িশায় বাংলাদেশি সন্দেহে এক বাঙালি মুসলিম অভিবাসী শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় ভারতজুড়ে তীব্র নিন্দার ঝড় বইছে। এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির কন্যা ইলতিজা মুফতি। ভারতের বর্তমান পরিস্থিতিকে ইঙ্গিত করে তিনি একে ‘লিঞ্চিস্থান’ (পিটিয়ে মারার দেশ) বলে অভিহিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ইলতিজা মুফতি নিহত যুবকের ছবি শেয়ার করে লিখেছেন, ‘‘এটি ইন্ডিয়া নয়, ভারত নয়, এমনকি হিন্দুস্তানও নয়। এর নাম এখন লিঞ্চিস্থান।’’ হিন্দু জঙ্গিদের ওড়িশায় ১৯ বছর বয়সী জুয়েল শেখ নামের ওই তরুণকে বাংলাদেশি অবৈধ অভিবাসী সন্দেহে পিটিয়ে হত্যা করার প্রতিবাদে তিনি এই কড়া মন্তব্য করেন।
অন্যদিকে, ইলতিজার এই মন্তব্যের বিরোধিতা করেছে বিজেপি। জম্মু-কাশ্মীর বিজেপির মুখপাত্র অভিজিৎ জাসরোটিয়া একে ‘বেছে বেছে ক্ষোভ প্রকাশ’ বলে মন্তব্য করেছেন। তার দাবি, ইলতিজা কেবল মুসলিমদের ওপর হামলার কথা বলেন, হিন্দুদের ওপর নয়।
ঘটনাটি ঘটেছে গত বড়দিনের আগের রাতে ওড়িশার সম্বলপুর জেলার শান্তি নগর এলাকায়। নিহত জুয়েল শেখ এবং তার সহকর্মীরা একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। হিন্দুত্ববাদীরা ঘরের ভেতরে ঢুকে বাংলাদেশি আখ্যা দিয়ে তাদের গণপিটুনি দেয়।
জুয়েলের সহকর্মী মাজহার খান জানান, ছয়জন ব্যক্তি তাদের কাছে এসে প্রথমে বিড়ি চায়। এরপর তারা শ্রমিকদের পরিচয়পত্র বা আধার কার্ড দেখতে চায়। পরিচয় নিয়ে তর্কের এক পর্যায়ে তারা চড়াও হয় এবং জুয়েল শেখের মাথা শক্ত কোনো বস্তুর সাথে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উল্লেখ্য, এই ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে ওড়িশা পুলিশ।
বিজ্ঞাপন