Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

কয়দিন থাকবে এমন শীত? জানাল আবহাওয়া অধিদপ্তর

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৫ এএম

কয়দিন থাকবে এমন শীত? জানাল আবহাওয়া অধিদপ্তর

বিজ্ঞাপন

সারাদেশের মতো রাজধানী ঢাকাতেও জেঁকে বসেছে শীত। শুক্রবার (২৬ ডিসেম্বর) ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে।

শুক্রবার সকাল ১০টায় দেওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে দেশে শীত বাড়ছে। এই বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করায় শীতের প্রকোপ আরও জোরালো হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে উড়োজাহাজ চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় অনেক জায়গায় শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

আজ সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দেশের অন্য অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

রোববার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত নদী অববাহিকায় কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কিছু এলাকায় আবারও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এই সময়জুড়ে সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার