Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

উত্তেজনার মধ্যে রিটার্নিং কার্যালয়ে আফরোজা আব্বাস, এনসিপি নেতারা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৫ এএম

উত্তেজনার মধ্যে রিটার্নিং কার্যালয়ে আফরোজা আব্বাস, এনসিপি নেতারা

বিজ্ঞাপন

ঢাকা-৮ আসনের ভোট গণনা ও ফলাফল ঘোষণা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনারের (রিটার্নিং কর্মকর্তা) কার্যালয়ের ফটকের বাইরে অবস্থান নিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের অনুসারীরা। ১২ ফেব্রুয়ারি রাত পৌনে ১১টার দিকে তারা সেখানে অবস্থান নেন। কার্যালয়ের ভেতরে রয়েছেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতা।

মূল ফটকের বাইরে বিএনপির নেতা-কর্মীরা মির্জা আব্বাসের নামে বিভিন্ন স্লোগান ও করতালি দিচ্ছেন। স্লোগানে তারা মির্জা আব্বাসকে ঢাকা-৮ আসনের বিজয়ী বলছেন। অন্যদিকে গেটের ভেতরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। একপর্যায়ে সেখানে সেনাসদস্যরাও এসে অবস্থান নেন।

ঢাকা-৮ আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ৩৩টির ফল পাওয়া গেছে। এতে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ১৬ হাজার ৭৯০ ভোট। এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ১৫ হাজার ৪৭০ ভোট।

নির্বাচনের ফল নিয়ে উত্তেজনার মধ্যেই রাত পৌনে ১১টার দিকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আসেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। তিনি ওই সময় থেকে এখন পর্যন্ত ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কক্ষে কয়েকজন নেতা-কর্মীসহ অবস্থান করছেন। বিএনপির নেতা-কর্মীরা জানিয়েছেন, কয়েকটি কেন্দ্রে বাতিল হওয়া ভোটকে বৈধ হিসেবে গ্রহণ করা এবং কয়েকটি কেন্দ্রে পুনরায় ভোট গণনার দাবি নিয়ে তিনি সেখানে গেছেন।

এমন পরিস্থিতিতে রাত পৌনে ১টার দিকে এনসিপির কয়েকজন নেতা-কর্মী ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয়ে আসেন। রাত পৌনে ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান করছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রধান এজেন্ট শাহীন আহমেদ খান বলেন, ঢাকা-৮ আসনের সিদ্ধেশ্বরী বালক উচ্চবিদ্যালয়, মতিঝিল আইডিয়াল কলেজ ও ইস্কাটন গার্ডেন কেন্দ্রে যেসব ভোট বাতিল হয়েছে, সেগুলো বৈধ হিসেবে ধরার জন্য চাপ তৈরি করছেন মির্জা আব্বাস ও তাঁর লোকজন।

তিনি আরও বলেন, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস ডিগ্রি কলেজে ভোট গণনা শেষে আমরা ফলের কাগজও হাতে পেয়েছি। এখন এসব কেন্দ্রের ফল আবার গণনার জন্য প্রভাব বিস্তার করছেন মির্জা আব্বাস। ভোটকেন্দ্র থেকে কাউকে বের হতে দিচ্ছেন না, জিম্মি করে রেখেছেন। আর পল্টনের পরিবার-পরিকল্পনা কেন্দ্রে গণনা শেষ হয়েছে। কিন্তু এর ফল প্রকাশ করতে বাধা দিচ্ছেন বিএনপির লোকজন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মির্জা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ আসনের কিছু কেন্দ্রের ফল আটকে রাখার অভিযোগ করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার