Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

নতুন সংসদ সদস্যদের শপথ কবে, যা জানা গেল

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭ এএম

নতুন সংসদ সদস্যদের শপথ কবে, যা জানা গেল

বিজ্ঞাপন

শিগগিরই নতুন সংসদ সদস্যদের শপথের আয়োজন করা হবে। বুধবারের মধ্যে গঠিত হবে নতুন মন্ত্রিসভা।

আইন উপদেষ্টা আসিফ নজরুল এসব তথ্য জানান। আর পহেলা রমজান থেকে দায়িত্ব নিচ্ছে নতুন সরকার।

ইসির গেজেট জারি হওয়ায় এখন কাজ শুরু করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

২১০ আসন পেয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। সেই হিসেবে সরকার গঠনের পথেও তারা।

এরই মধ্যে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। এরপর নতুন সংসদ সদস্যদের শপথ। এর মাধ্যমে গঠিত হবে ত্রয়োদশ সংসদ।

রেওয়াজ অনুযায়ী, এমপিদের শপথ করানোর কথা গত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের। কিন্তু এবার সে সুযোগ না থাকায় রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ পড়াতে পারেন।

আইন উপদেষ্টা জানান, প্রধান বিচারপতি রাজি থাকলে তিনি এ দায়িত্ব নেবেন। সংসদীয় দলের নেতা নির্বাচনের পর ১৮ ফেব্রুয়ারির মধ্যে দায়িত্ব নেবে নতুন সরকার।

সংবিধান কী বলছে

সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফল গেজেটে প্রকাশের তিন দিনের মধ্যে নির্ধারিত ব্যক্তি শপথ পড়াতে ব্যর্থ হলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পরিচালনা করবেন। তৃতীয় তফশিল অনুযায়ী, শপথ পড়ানোর দায়িত্ব স্পিকারের।

দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করেন। সংবিধানে বলা আছে, উত্তরসূরি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার পদে বহাল থাকেন। তবে বর্তমান পরিস্থিতিতে শপথ পরিচালনার বিষয়ে বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

নির্বাচনের ফল ও আসনচিত্র

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। শুক্রবার ২৯৭ আসনের বেসরকারি ফল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। উচ্চ আদালতের নির্দেশে দুটি আসনের গেজেট প্রকাশ স্থগিত রয়েছে।

ঘোষিত ফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি আসনে জয় পেয়েছে। তাদের জোটসঙ্গীরা পেয়েছে আরও তিনটি আসন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং তাদের নেতৃত্বাধীন জোটের অন্য শরিকরা পেয়েছে ৯টি আসন।

দ্রুত ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র জানায়, প্রশাসনিক হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে তিন থেকে চার দিন সময় লাগতে পারে। শপথ অনুষ্ঠানের দিনই নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নিলে দ্রুত সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

আইন বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনের সাংবিধানিক প্রেক্ষাপট ও সময়সূচি বিবেচনায় শপথ অনুষ্ঠান ঘিরে কিছু ব্যাখ্যাগত প্রশ্ন থাকলেও দ্রুত সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করার দিকেই এগোচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার